নিজস্ব প্রতিবেদক
তিন বছরেরও বেশি সময় সৌদি আরবে চিকিৎসাধীন থাকার পর দেশে ফিরেছেন ফেনীর বাসিন্দা হেদায়েতুল ইসলাম। ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)-এর উদ্যোগে তাকে দেশে ফিরিয়ে এনে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।
জানা গেছে, ২০২৩ সালের ১ ফেব্রুয়ারি পবিত্র উমরা পালনের উদ্দেশ্যে সৌদি আরব যান হেদায়েতুল ইসলাম। সেখানে অবস্থানকালে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন এবং দীর্ঘ সময় চিকিৎসাধীন থাকায় নানা আর্থিক ও শারীরিক সংকটে পড়েন।
পরবর্তীতে বিষয়টি জানার পর ধর্মমন্ত্রী ব্যক্তিগতভাবে উদ্যোগ নিয়ে সৌদি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন। এর ফলে চলতি বছরের ১৩ মে তাকে দেশে ফিরিয়ে আনা সম্ভব হয়।
দেশে ফেরার পর তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল-এ ভর্তি করা হয়। পাশাপাশি তার চিকিৎসা ব্যয়ের জন্য আর্থিক সহায়তা প্রদান এবং চিকিৎসার অগ্রগতি নিয়মিত তদারকির ব্যবস্থা করা হয়।
রোববার (১৪ জুন) পবিত্র হজ পালন শেষে দেশে ফিরে ধর্মমন্ত্রী হাসপাতালে গিয়ে হেদায়েতুল ইসলামের খোঁজখবর নেন। তিনি চিকিৎসকদের সঙ্গে কথা বলে রোগীর সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে অবগত হন এবং প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করার নির্দেশনা দেন।
পরিবারের সুবিধার কথা বিবেচনা করে পরবর্তীতে তাকে ফেনী সদর হাসপাতাল-এ স্থানান্তরের ব্যবস্থাও করা হয়েছে।
হেদায়েতুল ইসলামের পরিবার ধর্মমন্ত্রীর এ মানবিক উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছে। তারা জানান, দীর্ঘদিন বিদেশে অসুস্থ অবস্থায় থাকার পর দেশে ফিরিয়ে এনে চিকিৎসার ব্যবস্থা করায় তারা স্বস্তি পেয়েছেন।
ধর্মমন্ত্রী বলেন, একজন বাংলাদেশি নাগরিক হিসেবে হেদায়েতুল ইসলামের চিকিৎসা ও সুস্থতা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। তিনি তার দ্রুত আরোগ্য কামনা করেন এবং সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানান।