নিজস্ব প্রতিবেদক
সংবাদ সম্মেলনে কথা বলছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের।
ছবি:
দেশের বৃহৎ রাজনৈতিক দলকে বাইরে রেখে রাজনৈতিক স্থিতিশীলতা অর্জন করা কঠিন বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের।
সোমবার (১৫ জুন) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ২০২৬–২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
জিএম কাদের বলেন, একটি বড় রাজনৈতিক দলকে রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখা হলে বিশাল জনগোষ্ঠীর অংশগ্রহণ ব্যাহত হয়, যা দেশের স্থিতিশীলতার জন্য ঝুঁকিপূর্ণ।
তিনি আরও বলেন, রাজনৈতিক স্থিতিশীলতা ছাড়া বিনিয়োগ ও অর্থনৈতিক অগ্রগতি বাধাগ্রস্ত হবে। দেশের বর্তমান পরিস্থিতিতে রাজনৈতিক ঐক্য অত্যন্ত জরুরি।
সংবাদ সম্মেলনে বাজেট নিয়ে সমালোচনা করে তিনি বলেন, প্রস্তাবিত বাজেটে বাস্তবায়নের সুস্পষ্ট দিকনির্দেশনা নেই। রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা বাস্তবসম্মত নয় বলেও তিনি মন্তব্য করেন।
তিনি দাবি করেন, অতীতে রাজস্ব আদায়ের হার নির্ধারিত লক্ষ্যের চেয়ে কম ছিল এবং বর্তমান অর্থনৈতিক ও রাজনৈতিক পরিস্থিতিতে রাজস্ব আদায় আরও কমতে পারে। এতে বাজেট ঘাটতি বাড়ার আশঙ্কা রয়েছে।
জিএম কাদের বলেন, অতিরিক্ত ঋণনির্ভর বাজেট দেশের অর্থনীতিতে চাপ তৈরি করতে পারে এবং ভবিষ্যতে আর্থসামাজিক ও রাজনৈতিক সংকট আরও ঘনীভূত হওয়ার ঝুঁকি রয়েছে।
তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে দেশ পরিচালনা করা প্রয়োজন, নইলে বাজেট বাস্তবায়ন কঠিন হয়ে পড়বে।
সংবাদ সম্মেলনে জাতীয় পার্টির শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।