আন্তর্জাতিক ডেস্ক
হরমুজ প্রণালিতে ইরানের সশস্ত্র বাহিনীর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়েছে বলে দাবি করেছেন দেশটির নৌবাহিনীর প্রধান রিয়ার অ্যাডমিরাল শাহরাম ইরানি। তিনি বলেছেন, শত্রুর সামরিক শক্তি এখন এই গুরুত্বপূর্ণ সামুদ্রিক অঞ্চলে ফাঁদে আটকা পড়েছে। তাদের এফ-৩৫ যুদ্ধবিমান, ড্রোনসহ বিভিন্ন সামরিক সরঞ্জাম প্রতিনিয়ত ইরানের প্রতিরোধের মুখে পড়ছে।
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের একটি বিশেষ সংবাদ অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি। নৌবাহিনী দিবস এবং ‘মারমার’ অভিযানের বার্ষিকী উপলক্ষে দেওয়া বক্তব্যে শাহরাম ইরানি দাবি করেন, যুদ্ধের শুরুতেই মার্কিন বিমানবাহী রণতরি ‘আব্রাহাম লিংকন’-এ ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছিল।
তিনি বলেন, শত্রুপক্ষের প্রাথমিক লক্ষ্য ছিল ইরানের কাছাকাছি জলসীমায় প্রবেশ করা। এর মধ্যে দেশটির একচেটিয়া অর্থনৈতিক অঞ্চল, আঞ্চলিক জলসীমা, অভ্যন্তরীণ জলসীমা, বন্দর, উপকূল ও দ্বীপপুঞ্জ অন্তর্ভুক্ত ছিল। কিন্তু ইরানের নৌবাহিনী ও ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর ঐক্য, দৃঢ়তা ও প্রতিরোধের কারণে তাদের সেই পরিকল্পনা ব্যর্থ হয়েছে।
শাহরাম ইরানির দাবি, বর্তমানে শত্রুপক্ষের প্রধান লক্ষ্য হরমুজ প্রণালি দিয়ে চলাচলের সুযোগ পাওয়া। তবে গভীর সমুদ্রের দিক থেকেও তাদের চলাচল বাধাগ্রস্ত করা হয়েছে। যুক্তরাষ্ট্রের সামরিক শক্তি এখন আরব সাগর ও উত্তর ভারত মহাসাগর এলাকায় সীমাবদ্ধ রয়েছে। ভবিষ্যতে তাদের আরও পেছনে সরিয়ে নিজেদের নির্ধারিত অবস্থানে ফিরে যেতে বাধ্য করা হবে।
ইরানের নৌবাহিনীর প্রধান আরও দাবি করেন, যুদ্ধের দ্বিতীয় দিনেই শত্রুপক্ষকে প্রথম বড় আঘাত করা হয়। ওই দিন পরীক্ষামূলকভাবে নিক্ষেপ করা একটি ক্ষেপণাস্ত্র সরাসরি মার্কিন বিমানবাহী রণতরি ‘আব্রাহাম লিংকন’-এ আঘাত হানে।
তার ভাষ্য অনুযায়ী, হামলার পর ক্ষয়ক্ষতি ও আহতদের সরিয়ে নিতে যুক্তরাষ্ট্রকে আঞ্চলিক দেশগুলোর সহায়তা নিতে হয়েছিল। একই সঙ্গে ওই রণতরির ডেক থেকে বিমান পরিচালনার কার্যক্রমও বন্ধ হয়ে যায়।
হরমুজ প্রণালিতে সামরিক অবস্থান তুলে ধরে শাহরাম ইরানি বলেন, শত্রুপক্ষের সামরিক সরঞ্জাম এখন এই ভৌগোলিক অঞ্চলে আটকা পড়েছে। তাদের এফ-৩৫ যুদ্ধবিমান ও ড্রোনসহ বিভিন্ন সামরিক সরঞ্জাম প্রতিদিন ইরানের প্রতিরোধের মুখে পড়ছে। সমুদ্র ও আকাশ—উভয় ক্ষেত্রেই শত্রুপক্ষের বিভিন্ন সরঞ্জাম অক্ষত অবস্থায় আটক করা হচ্ছে বলেও দাবি করেন তিনি।
তিনি বলেন, ইসলামি প্রজাতন্ত্র ইরান যা ঘোষণা করে, বাস্তবেও তা বাস্তবায়ন করতে সক্ষম—শত্রুপক্ষ এখন তা বুঝতে পারছে। তবে তাদের সামরিক পরিকল্পনা ও হিসাব-নিকাশে এমন পরিস্থিতির বিষয়টি বিবেচনায় ছিল না।
সূত্র: ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন।