নিজস্ব প্রতিবেদক
প্রধানমন্ত্রী তারেক রহমান।
ছবি:
প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মানোন্নয়নে তাঁদের ভাতার পরিমাণ বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে ভাতার পরিমাণ কতটা বাড়ানো হবে, তা রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনা করে নির্ধারণ করা হবে বলে জানান তিনি।
শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ সমিতির প্রতিনিধিদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সভায় প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনমান উন্নয়ন, অধিকার ও সুযোগ সম্প্রসারণ এবং সমাজ ও অর্থনীতিতে তাঁদের অংশগ্রহণ নিশ্চিত করার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান, আদালত ও হাসপাতালে সাংকেতিক ভাষা ব্যবহারের সুযোগ সৃষ্টির বিষয়টিও সরকারের বিবেচনায় রয়েছে বলে জানান প্রধানমন্ত্রী। এ ধরনের উদ্যোগ বাস্তবায়িত হলে প্রতিবন্ধী ব্যক্তিদের প্রয়োজনীয় সেবা গ্রহণ সহজ হবে বলে মনে করেন তিনি।
প্রতিবন্ধী ব্যক্তিদের পাশে দাঁড়ানোকে সরকার ও সমাজের দায়িত্ব হিসেবে উল্লেখ করে তারেক রহমান বলেন, অতীতে এ ক্ষেত্রে যেসব ঘাটতি রয়ে গেছে, সেগুলো পূরণে সরকার আন্তরিকভাবে কাজ করতে চায়। তাঁদের জীবনমান উন্নয়নে সরকারি উদ্যোগের পাশাপাশি সামাজিক দায়িত্ব পালনের ওপরও গুরুত্ব দেন তিনি।
প্রতিবন্ধী ব্যক্তিদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের ওপর বিশেষ গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী বলেন, ‘তাদের প্রতিভা বিকাশের সুযোগ সৃষ্টি এবং প্রশিক্ষণের মাধ্যমে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলতে হবে। তথ্যপ্রযুক্তি খাতেও তাদের প্রশিক্ষণের সুযোগ বাড়ানোর বিষয়টি সরকার বিবেচনা করবে।’
এ বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নিতে সমাজকল্যাণমন্ত্রীকে নির্দেশনা দেন তারেক রহমান। প্রতিবন্ধী ব্যক্তিদের দক্ষতা ও প্রতিভা বিকাশ, প্রশিক্ষণের ব্যবস্থা এবং কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণের মাধ্যমে তাঁদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলার ওপর গুরুত্ব দেন তিনি।
দেশে প্রতিবন্ধী ব্যক্তিদের প্রকৃত সংখ্যা নির্ধারণে নির্ভুল পরিসংখ্যানের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। এ বিষয়ে পরিসংখ্যান ব্যুরোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হবে বলে জানান তিনি। প্রতিবন্ধী ব্যক্তিদের সঠিক সংখ্যা ও তাঁদের সম্পর্কে নির্ভরযোগ্য তথ্য পাওয়া গেলে এ জনগোষ্ঠীর জন্য প্রয়োজনীয় সরকারি উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়ন সহজ হবে বলে উল্লেখ করেন তিনি।