নিজস্ব প্রতিবেদক
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কোয়ার্টারে সাবলেট দেওয়ার বিষয়ে অসন্তোষ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে কোয়ার্টারের অপরিচ্ছন্ন পরিবেশ ও রক্ষণাবেক্ষণের ঘাটতি নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন তিনি।
শনিবার (১৭ অক্টোবর) রাজধানীর আজিমপুর সরকারি কর্মকর্তা-কর্মচারী কোয়ার্টার আকস্মিক পরিদর্শনকালে এসব বিষয়ে কথা বলেন প্রধানমন্ত্রী।
পরিদর্শনকালে সরকারি কোয়ার্টারে সাবলেট দেওয়ার তথ্য শুনে প্রধানমন্ত্রী প্রশ্ন করেন, সাবলেট দেওয়া বৈধ কি না। যদি তা বৈধ না হয়, তাহলে কীভাবে এসব চলছে—তা খতিয়ে দেখার কথা জানান তিনি। কোয়ার্টারের সার্বিক পরিবেশ উন্নয়নে বাসিন্দাদেরও আন্তরিক হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী।
এ সময় তিনি কোয়ার্টার এলাকা, চলাচলের পথ ও আশপাশের পরিবেশ ঘুরে দেখেন। পরিচ্ছন্নতার ঘাটতি দেখে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এর কারণ জানতে চান। কোয়ার্টারের রক্ষণাবেক্ষণ ও পরিচ্ছন্নতা ব্যবস্থাপনা নিয়ে অসন্তোষ প্রকাশ করে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি।
প্রধানমন্ত্রী আগামী দুই সপ্তাহের মধ্যে কোয়ার্টারের সার্বিক পরিচ্ছন্নতা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন।
পরিদর্শনকালে কোয়ার্টারের বাসিন্দারা এলাকার অপরিচ্ছন্ন পরিবেশ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীর কাছে বিভিন্ন অভিযোগ তুলে ধরেন। তাঁরা আবাসিক এলাকার পরিবেশ উন্নয়ন ও নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানান।
প্রধানমন্ত্রী তাঁদের অভিযোগ মনোযোগ দিয়ে শোনেন এবং সমস্যাগুলো সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন।
পরিদর্শনের একপর্যায়ে কোয়ার্টারে বসবাসরত শিশুদের সঙ্গে কুশল বিনিময় করেন প্রধানমন্ত্রী।
এ সময় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস সালাম উপস্থিত ছিলেন।