আন্তর্জাতিক ডেস্ক
সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে সম্প্রতি স্বাক্ষরিত ত্রিপক্ষীয় প্রতিরক্ষা চুক্তিকে স্বাগত জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
রোববার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প লেখেন, ‘সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান শেষ পর্যন্ত সম্প্রতি মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষর করায় আমি খুবই খুশি।’
ট্রাম্প বলেন, এ চুক্তি মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে আরও শক্তিশালী ঐক্যের ইঙ্গিত দিচ্ছে। এর মাধ্যমে দেশগুলো নিজেদের নিরাপত্তা আরও কার্যকরভাবে নিশ্চিত করতে সক্ষম হবে বলেও মন্তব্য করেন তিনি। চুক্তিটিকে ‘একটি বড়, সাহসী ও গুরুত্বপূর্ণ প্রথম পদক্ষেপ’ হিসেবে অভিহিত করেন মার্কিন প্রেসিডেন্ট।
গত ৭ আগস্ট সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে এই ত্রিপক্ষীয় প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয়। এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান সংঘাতের প্রভাব মধ্যপ্রাচ্যের বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়েছে। ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের হামলাকে কেন্দ্র করেও অঞ্চলটিতে উত্তেজনা বেড়েছে।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, চুক্তির আওতায় তিন দেশের যেকোনো একটি সদস্য রাষ্ট্র আক্রান্ত হলে সেটিকে তিন দেশের ওপর হামলা হিসেবে বিবেচনা করা হবে। এর মূল লক্ষ্য হলো তিন দেশের ‘সম্মিলিত প্রতিরোধ সক্ষমতা আরও শক্তিশালী করা’।
চুক্তিতে তিন দেশ নিজেদের সম্মিলিত নিরাপত্তা জোরদারের পাশাপাশি মধ্যপ্রাচ্য ও এর বাইরের অঞ্চলে শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় কাজ করার অঙ্গীকার করেছে।
এ ছাড়া যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান সংঘাত নিরসনে উদ্যোগ নেওয়ার বিষয়েও তিন দেশ একমত হয়েছে।