আটকে আছে বুড়িমারী স্থলবন্দরে
আন্তর্জাতিক ডেস্ক
থাইল্যান্ড থেকে সমুদ্রপথে আসা ভুটানের একটি পরীক্ষামূলক ট্রানশিপমেন্ট পণ্যের চালান বাংলাদেশের বুড়িমারী স্থলবন্দরে আটকে পড়েছে। প্রয়োজনীয় ট্রানজিট ক্লিয়ারেন্স বা অনুমতি না দেওয়ায় পণ্যবাহী কনটেইনারটি ভারতের ভূখণ্ড ব্যবহার করে ভুটানে প্রবেশ করতে পারছে না।
থাইল্যান্ডের ব্যাংককের 'আবিত ট্রেডিং কোম্পানি লিমিটেড' থেকে ফলের জুস, জেলি, শুকনো ফল, লিচু ক্যান্ডি এবং শ্যাম্পুসহ ছয় ধরনের পণ্য নিয়ে আসা কনটেইনারটি প্রথমে চট্টগ্রাম বন্দরে পৌঁছায়। এরপর বাংলাদেশের সড়কপথ ব্যবহার করে গত ২৮ নভেম্বর (শুক্রবার) বিকেলে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দরে আনা হয়। ২৮ ও ২৯ নভেম্বর কয়েক দফা চেষ্টা করেও ভারতীয় কর্তৃপক্ষের 'নো অবজেকশন সার্টিফিকেট' (এনওসি) না পাওয়ায় কনটেইনারটি বুড়িমারী বন্দরের ইয়ার্ডে আটকে রয়েছে।
বন্দর সংশ্লিষ্টরা জানান, বাংলাদেশ ও ভুটানের মধ্যে বাণিজ্য চুক্তি থাকলেও এই নির্দিষ্ট রুটে (বাংলাদেশ থেকে ভারতের সড়কপথ ব্যবহার করে ভুটানে) ট্রানশিপমেন্ট পণ্য পরিবহনের জন্য ভারতের উচ্চপর্যায়ের কর্তৃপক্ষের কাছ থেকে চূড়ান্ত অনুমোদন মেলেনি।বুড়িমারী স্থল শুল্ক স্টেশনের সহকারী কমিশনার দেলোয়ার হোসেন জানিয়েছেন, "চালানের সব কাস্টমস প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। ভারতীয় কাস্টমস থেকে অনুমতি পাওয়ামাত্রই আমরা চালানটি ভুটানের পথে পাঠাতে পারব"।
গত এপ্রিলে বাংলাদেশ ও ভুটানের বাণিজ্য সচিবদের এক বৈঠকে সিদ্ধান্ত হয়েছিল, পরীক্ষামূলকভাবে দুটি পণ্যের চালান বাংলাদেশ ও ভারতের সড়কপথ ব্যবহার করে ভুটানে পাঠানো হবে। এই আটকা পড়া চালানটি ছিল সেই উদ্যোগের প্রথম ধাপ। ভারত ও ভুটানের মধ্যে ১৯৭২ সালের একটি বাণিজ্য চুক্তি (২০১৬ সালে সংশোধিত) রয়েছে, যা তৃতীয় দেশ থেকে ভুটানে শুল্কমুক্ত ট্রানজিটের সুবিধা দেয়। তবে এই নির্দিষ্ট ক্ষেত্রে ভারতের অভ্যন্তরীণ ছাড়পত্র না মেলায় সমস্যা তৈরি হয়েছে।বর্তমানে সংশ্লিষ্ট কোনো দপ্তরই নিশ্চিত করে বলতে পারছে না ভারত শেষ পর্যন্ত এই অনুমোদন দেবে কি না, যার ফলে পণ্য খালাসের বিষয়টি অনিশ্চয়তার মুখে পড়েছে।