নিজস্ব প্রতিবেদক
সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গে মোট প্রাণহানির সংখ্যা বেড়ে ৮২৫ জনে পৌঁছেছে।
সোমবার (২৭ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হাম পরিস্থিতিবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কোনো মৃত্যু হয়নি। তবে হামের উপসর্গ নিয়ে পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ১০৫ জন হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে ৭৩০ জন এবং নিশ্চিত হামে ৯৫ জন শিশুর মৃত্যু হয়েছে। ফলে এ সময়ে হাম ও হামের উপসর্গে মোট ৮২৫ জন শিশুর প্রাণহানি ঘটেছে।
এ ছাড়া চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে ১ লাখ ২৪ হাজার ৭৪৫ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে ১৫ হাজার ৫৫৫ জনের শরীরে পরীক্ষার মাধ্যমে হাম নিশ্চিত হয়েছে।
অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ সময়ে মোট ১ লাখ ৭ হাজার ৬৫৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ১ লাখ ৩ হাজার ৪৬৭ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।