নিজস্ব প্রতিবেদক
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে নতুন করে ১ হাজার ১০৬ শিশুকে শনাক্ত করা হয়েছে।
সোমবার (৬ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হালনাগাদ হাম পরিস্থিতি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত হামের উপসর্গ নিয়ে তিন শিশুর মৃত্যু হয়েছে। তবে এ সময় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যুর তথ্য পাওয়া যায়নি।
এর ফলে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ৬৪৮ জনে দাঁড়িয়েছে। একই সময়ে পরীক্ষায় নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মারা গেছে আরও ৯৩ শিশু। সব মিলিয়ে চলতি প্রাদুর্ভাবে হাম ও হামের উপসর্গে মোট ৭৪১ শিশুর মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৫৯ জন শিশুর হামে আক্রান্ত হওয়া নিশ্চিত হয়েছে। এছাড়া হামের উপসর্গ নিয়ে শনাক্ত হয়েছে আরও ৯৪৭ জন। এ সময় নতুন করে ৮৯০ জন শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছে ৯৪০ জন।
প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৬ হাজার ৫৬৫ জনে। এর মধ্যে পরীক্ষায় নিশ্চিত হাম রোগী ১২ হাজার ৭৯১ জন। এ সময় মোট ৮৯ হাজার ৭৩৪ জন হাসপাতালে ভর্তি হয়েছে, যাদের মধ্যে ৮৬ হাজার ৬২ জন চিকিৎসা শেষে বাড়ি ফিরেছে।