নিজস্ব প্রতিবেদক
সামাজিক যোগাযোগমাধ্যমে নারী কেলেঙ্কারি, দুর্নীতি ও অসদাচরণের অভিযোগসংবলিত একটি ভিডিও ক্লিপ ছড়িয়ে পড়ার পর বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) পরিচালক এ কে এম আরিফ উদ্দিনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
মঙ্গলবার (২৩ জুন) জারি করা এক আদেশে তাকে সাময়িক বরখাস্তের বিষয়টি জানানো হয়।
আদেশে বলা হয়েছে, এ কে এম আরিফ উদ্দিনের বিরুদ্ধে বিভিন্ন সামাজিক মাধ্যমে নারী কেলেঙ্কারি, দুর্নীতি ও অসদাচরণের অভিযোগসংবলিত ভিডিও ক্লিপ প্রকাশিত হওয়ায় প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ কর্মচারী চাকরি প্রবিধানমালা, ১৯৯০-এর বিধি ৩৫ (খ) ও (ঙ) লঙ্ঘনের অভিযোগে বিধি ৪১(১) অনুযায়ী তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
আদেশে আরও উল্লেখ করা হয়, বরখাস্তকালীন সময়ে তিনি বিধি অনুযায়ী খোরাকি ভাতা পাবেন। পাশাপাশি তাকে বিআইডব্লিউটিএর প্রশাসন ও মানবসম্পদ বিভাগে নিয়মিত হাজিরা দিতে হবে। হাজিরা প্রদান সাপেক্ষেই তার খোরাকি ভাতা পরিশোধ করা হবে।
এদিকে, বিআইডব্লিউটিএর পরিচালক (প্রশাসন ও মানবসম্পদ বিভাগ) মো. সাইফুল ইসলামকে অতিরিক্ত দায়িত্ব হিসেবে পরিচালক (বন্দর ও পরিবহন বিভাগ) পদে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে।