বাণিজ্য ডেস্ক
দেশের বাজারে স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৩ হাজার ৩২৪ টাকা কমিয়ে ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা নির্ধারণ করা হয়েছে।
শুক্রবার সকালে এক বিজ্ঞপ্তিতে নতুন দামের ঘোষণা দেয় বাজুস। ওই দিন সকাল ১০টা থেকে নতুন মূল্য কার্যকর হয়েছে এবং পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত একই দামে দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে স্বর্ণ বিক্রি হবে।
বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ (পিওর গোল্ড)-এর দাম কমে যাওয়ায় সার্বিক বাজার পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।
নতুন মূল্যতালিকা অনুযায়ী, ভ্যাটসহ প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ১০ হাজার ৯৪৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮১ হাজার ২০০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৪৮ হাজার ১৬ টাকা নির্ধারণ করা হয়েছে।
তবে বাজুস জানিয়েছে, নির্ধারিত মূল্যের সঙ্গে অলংকারের নকশা ও কারুকাজ অনুযায়ী মজুরি এবং প্রযোজ্য অন্যান্য চার্জ যুক্ত হতে পারে। ফলে জুয়েলারি প্রতিষ্ঠানে অলংকার কেনার সময় চূড়ান্ত মূল্য কিছুটা ভিন্ন হতে পারে।