নিজস্ব প্রতিবেদক
চলমান এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত, নতুন পরীক্ষার সূচি প্রকাশ এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো রাজধানীর উত্তরায় সড়কে অবস্থান নিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
বুধবার (১৫ জুলাই) দুপুরে পরীক্ষা শেষ হওয়ার পর উত্তরার বিএনএস সেন্টার এলাকায় জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন তারা। পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী সেখান থেকে সচিবালয় অভিমুখে লংমার্চ শুরু করার ঘোষণা দেন আন্দোলনকারীরা।
শিক্ষার্থীদের দাবি, টানা বৃষ্টি, জলাবদ্ধতা এবং দেশের বিভিন্ন অঞ্চলের বন্যা পরিস্থিতির কারণে অনেক পরীক্ষার্থী নির্ধারিত সময়ে পরীক্ষাকেন্দ্রে পৌঁছাতে পারছেন না। এমন পরিস্থিতিতে পরীক্ষা নেওয়া শিক্ষার্থীদের জন্য চরম দুর্ভোগ সৃষ্টি করছে। তাই চলমান পরীক্ষা অবিলম্বে স্থগিত করে পরিস্থিতি স্বাভাবিক হলে নতুন সূচি প্রকাশের দাবি জানান তারা।
উত্তরা হাইস্কুল অ্যান্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থী ও আন্দোলনকারী শেখ রিফাত বলেন, বন্যাকবলিত ও জলাবদ্ধ এলাকার অনেক শিক্ষার্থী সময়মতো কেন্দ্রে পৌঁছাতে না পেরে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ কারণে তিন দফা দাবি দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান তিনি।
এদিকে, শিক্ষার্থীদের সড়ক অবরোধ ও মিছিলের কারণে উত্তরার বিএনএস সেন্টার, আজমপুর, জসিমউদ্দীন এবং আশপাশের এলাকায় যান চলাচল ধীরগতির হয়ে পড়ে। কোথাও কোথাও দীর্ঘ যানজটের সৃষ্টি হওয়ায় কর্মস্থলগামী মানুষ ও সাধারণ যাত্রীরা ভোগান্তিতে পড়েন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে ট্রাফিক পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে উত্তরা ও সচিবালয় এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
এর আগে, সোমবার (১৪ জুলাই) রাজধানীর সায়েন্সল্যাব মোড়সহ দেশের বিভিন্ন স্থানে একই দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। মঙ্গলবারের মধ্যে পরীক্ষা স্থগিতের ঘোষণা না আসায় বুধবার সচিবালয় অভিমুখে লংমার্চ কর্মসূচি ঘোষণা করা হয়।