নিজস্ব প্রতিবেদক
রাজধানীর মেট্রোরেল যাত্রীদের জন্য সুখবর। আগামী বছরের মার্চ মাসে কমলাপুর মেট্রোরেল স্টেশন চালুর প্রস্তুতি নিচ্ছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। একই সঙ্গে যাত্রীসেবা আরও সহজ করতে ধাপে ধাপে মেট্রোরেলের চলাচলের সময় বাড়ানোর পরিকল্পনাও করছে সংস্থাটি।
ডিএমটিসিএল সূত্রে জানা গেছে, ২০২২ সালে চালু হওয়া এমআরটি লাইন-৬-এর তৃতীয় ধাপের আওতায় মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত সম্প্রসারণ প্রকল্পের কাজ দ্রুত এগিয়ে চলছে। বিদ্যুৎ, সিগন্যাল ও মেকানিক্যালসহ বিভিন্ন অবকাঠামোগত কাজের প্রায় ৮৫ শতাংশ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।
কর্তৃপক্ষের পরিকল্পনা অনুযায়ী, চলতি বছরের ডিসেম্বরের মধ্যে এই অংশে ট্রায়াল রান শুরু হবে এবং আগামী বছরের মার্চে কমলাপুর স্টেশন যাত্রীদের জন্য উন্মুক্ত করা হবে।
এদিকে বাড়তি যাত্রীর চাপ সামাল দিতে মেট্রোরেল চলাচলের সময় আরও বাড়ানোর পরিকল্পনাও রয়েছে ডিএমটিসিএলের। সংস্থাটির তথ্য অনুযায়ী, গত ৭ জুন থেকে রাতে ২০ মিনিট অতিরিক্ত সেবা চালুর পর প্রতিদিন প্রায় ১০ হাজার নতুন যাত্রী যুক্ত হয়েছেন।
বর্তমানে মেট্রোরেলে প্রতিদিন গড়ে ৪ লাখ ১০ হাজার যাত্রী যাতায়াত করছেন। কোনো কোনো দিন এ সংখ্যা ৪ লাখ ২৫ হাজার ছাড়িয়ে যাচ্ছে। এর আগে দৈনিক যাত্রীসংখ্যা ছিল প্রায় ৪ লাখ।
ডিএমটিসিএলের কর্মকর্তারা জানান, রাতের সেবা আরও বাড়ানোর পরিকল্পনা থাকলেও মেট্রোরেল চলাচল শেষ হওয়ার পর ট্রেন ডিপোতে নিয়ে নিয়মিত পরীক্ষা-নিরীক্ষা, রক্ষণাবেক্ষণ এবং পরদিন ভোরে প্রায় দুই ঘণ্টার ট্রায়াল রান পরিচালনা করতে হয়। এ কারণে রাতারাতি সেবার সময় বাড়ানো সম্ভব নয়।
তবে কমলাপুর স্টেশন চালু হলে যাত্রীসেবার পরিধি আরও বিস্তৃত হবে এবং চলাচলের সময় বৃদ্ধির সুযোগ তৈরি হবে বলে মনে করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
বর্তমানে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত ১২ সেট ট্রেন নিয়মিত চলাচল করছে। ভবিষ্যতে সেবার সময় বাড়ানো হলে একযোগে ১৪ সেট ট্রেন পরিচালনার পরিকল্পনা রয়েছে ডিএমটিসিএলের।