স্পোর্টস ডেস্ক
বিশ্বকাপে সীমিত সময় মাঠে নামা, ব্রাজিলের হতাশাজনক বিদায় এবং ‘পোকার’ খেলা ঘিরে সমালোচনার মধ্যেই মাঠে দারুণ প্রত্যাবর্তনের ইঙ্গিত দিলেন নেইমার জুনিয়র। ব্রাজিলিয়ান ক্লাব সান্তোসের হয়ে জোড়া গোল করে দলকে হার এড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি।
রোববার ব্রাজিলেইরো সিরি ‘এ’-এর ম্যাচে চ্যাপেকোয়েন্সের বিপক্ষে ২-২ গোলে ড্র করে সান্তোস। দলের হয়ে দুটি গোলই করেন নেইমার। পুরো ম্যাচে ৯০ মিনিট মাঠে থেকে নিজের ফিটনেস সম্পর্কেও ইতিবাচক বার্তা দেন এই ফরোয়ার্ড।
ম্যাচের ৩৬ মিনিটে সতীর্থের সঙ্গে দারুণ বোঝাপড়ার পর প্রতিপক্ষের বক্সে ঢুকে আলতো শটে গোল করে সান্তোসকে এগিয়ে দেন নেইমার। গোল উদ্যাপনের সময় ‘পোকার’ খেলার ভঙ্গিতে হাত নাড়িয়ে আলোচনায় থাকা বিতর্কের দিকেও ইঙ্গিত করেন তিনি।
বিরতির পর ৫১ ও ৬২ মিনিটে টানা দুই গোল করে এগিয়ে যায় চ্যাপেকোয়েন্স। ম্যাচের শেষ দিকে পেনাল্টি পায় সান্তোস। ৮৯ মিনিটে স্পটকিক থেকে নিজের দ্বিতীয় গোল করে ২-২ সমতা ফেরান নেইমার।
বিশ্বকাপে নিজের সম্ভাব্য শেষ আসর খেলতে মুখিয়ে থাকলেও প্রত্যাশামতো সুযোগ পাননি নেইমার। কোচ কার্লো আনচেলত্তির দলে থাকলেও তিনি মাত্র দুটি ম্যাচে বদলি হিসেবে নেমে মোট প্রায় ৩৫ মিনিট খেলেছেন। ফিটনেসজনিত কারণে তাঁকে মূল একাদশে রাখা হয়নি।
শেষ ষোলোতে নরওয়ের বিপক্ষে ২-১ গোলে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয় ব্রাজিল। ওই ম্যাচের শেষ দিকে পেনাল্টি থেকে দলের একমাত্র গোলটি করেছিলেন নেইমার। বিশ্বকাপ শেষে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া তাঁর এক বার্তা জাতীয় দল বা বিশ্বকাপ থেকে অবসরের ইঙ্গিত হিসেবে ব্যাখ্যা করা হয়। যদিও তিনি এ বিষয়ে স্পষ্ট কিছু জানাননি।
বিশ্বকাপ শেষে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে একটি পোকার টুর্নামেন্টে অংশ নেওয়া এবং পরে ব্রাজিলের সাও পাওলোতে আরেকটি প্রতিযোগিতায় খেলায় সমালোচনার মুখে পড়েন নেইমার। অনেকের অভিযোগ ছিল, মাঠের পারফরম্যান্সের চেয়ে ব্যক্তিগত কর্মকাণ্ডেই বেশি মনোযোগ দিচ্ছেন তিনি।
সমালোচনার জবাবে সম্প্রতি নেইমার বলেন, তিনি অনুশীলন ঠিকভাবেই চালিয়ে যাচ্ছেন এবং ব্যক্তিগত সময় কীভাবে কাটাবেন, তা নিয়ে অযথা সমালোচনা করা হচ্ছে।
তিনি বলেন, “আমি সকালে অনুশীলন করেছি। তখন দেখলাম, অনেকে আমার পোকার খেলা নিয়ে কথা বলছে। আমার ছুটি ছিল। তারপরও অনুশীলনে ফিরেছি। মানুষ কথা বলবেই। আমি অনুশীলনের প্রস্তুতি নিচ্ছি। আমি কি অনুশীলন করতে পারব, নাকি তোমরা এভাবেই পেছনে লেগে থাকবে? নিজেদের জীবন নিয়ে ভাবো।”
বিশ্বকাপের হতাশা ও সাম্প্রতিক বিতর্কের পর সান্তোসের হয়ে জোড়া গোল নেইমারের আত্মবিশ্বাস ফিরে পাওয়ার ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন ফুটবল বিশ্লেষকেরা।