ক্রীড়া ডেস্ক
বিশ্বকাপে চমক জাগানো নরওয়ের রূপকথার যাত্রা থামিয়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে ইংল্যান্ড। জুড বেলিংহ্যামের টানা দ্বিতীয় ম্যাচে জোড়া গোলে কোয়ার্টার-ফাইনালে নরওয়েকে ২-১ ব্যবধানে হারিয়েছে থমাস টুখেলের দল।
বাংলাদেশ সময় রোববার সকালে মায়ামি গার্ডেন্সের হার্ড রক স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে প্রথমে এগিয়ে যায় নরওয়ে। ৩৫তম মিনিটে মার্টিন ওদেগোরের বাড়ানো বল ধরে ডি-বক্সে ঢুকে জোরালো শটে গোল করেন আন্দ্রেয়াস শেলদেরিপ। বিশ্বকাপে এটি ছিল তার প্রথম গোল।
গোল হজমের পর আক্রমণের গতি বাড়ায় ইংল্যান্ড। প্রথমার্ধের যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে অ্যান্থনি গর্ডনের পাস থেকে ডি-বক্সে কয়েকজন ডিফেন্ডারকে কাটিয়ে দুর্দান্ত কোনাকুনি শটে সমতা ফেরান জুড বেলিংহ্যাম। তবে গোলটি নিয়ে বিতর্ক তৈরি হয়। নরওয়ের দাবি, আক্রমণের সূচনালগ্নে বল স্টেডিয়ামের স্কাই ক্যামেরার তারে লেগেছিল। যদিও রেফারি আপত্তি নাকচ করে গোল বহাল রাখেন।
দ্বিতীয়ার্ধে দুই দলই বেশ কয়েকটি সুযোগ তৈরি করে। নরওয়ের তুরবিয়ন হেইগ্যামের একটি গোল ফাউলের কারণে বাতিল হয়। পরে ক্রিস্তোফের আয়েরের হেড ক্রসবারে লেগে ফিরে এলে আবারও হতাশ হয় নরওয়ে। অন্যদিকে ইংল্যান্ডও কয়েকটি ভালো সুযোগ পেলেও নির্ধারিত সময়ে আর গোলের দেখা পায়নি।
অতিরিক্ত সময়ের দ্বিতীয় মিনিটে হ্যারি কেইনের হেড দারুণভাবে ফিরিয়ে দেন নরওয়ের গোলরক্ষক আরিয়ান হশল নিলাদ। কিন্তু পরের আক্রমণে মর্গ্যান রজার্সের শক্তিশালী শট ঠিকভাবে তালুবন্দি করতে ব্যর্থ হন তিনি। ফিরতি বলে জালে বল জড়িয়ে নিজের দ্বিতীয় গোল করেন বেলিংহ্যাম। সেই গোলই শেষ পর্যন্ত ইংল্যান্ডের জয় নিশ্চিত করে।
অতিরিক্ত সময়ের ৯৯তম মিনিটে নরওয়ের পক্ষে পেনাল্টির সম্ভাবনা তৈরি হলেও ভিডিও সহকারী রেফারির (ভিএআর) পরামর্শে রিপ্লে দেখে নিজের সিদ্ধান্ত পরিবর্তন করেন ম্যাচ রেফারি। ফলে নরওয়ের সমতায় ফেরার বড় সুযোগ হাতছাড়া হয়।
শেষ পর্যন্ত আর গোল না হওয়ায় ২-১ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে ইংল্যান্ড। টানা দ্বিতীয় ম্যাচে জোড়া গোল করা বেলিংহ্যামের এবারের বিশ্বকাপে গোলসংখ্যা দাঁড়িয়েছে ছয়ে।
এই জয়ে ১৯৬৬ সালে শিরোপা জয়ের পর চতুর্থবারের মতো বিশ্বকাপের সেমিফাইনালে উঠল ইংল্যান্ড। এর আগে ১৯৯০ ও ২০১৮ সালেও শেষ চারে খেলেছিল ইংলিশরা। অন্যদিকে কোয়ার্টার-ফাইনাল পর্যন্ত দুর্দান্ত লড়াই করা নরওয়ের স্বপ্নের বিশ্বকাপ অভিযান শেষ হলো শেষ আটেই।