স্পোর্টস ডেস্ক
রুদ্ধশ্বাস এক লড়াই শেষে স্বাগতিক মেক্সিকোকে ৩-২ গোলে হারিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠেছে ইংল্যান্ড। দ্বিতীয়ার্ধের শুরুতে ১০ জনের দলে পরিণত হলেও জুড বেলিংহ্যামের জোড়া গোল ও হ্যারি কেনের এক গোলে জয় নিশ্চিত করে থ্রি লায়ন্স।
সোমবার (৬ জুলাই) মেক্সিকো সিটি স্টেডিয়ামে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে ইংল্যান্ড। ৩৬ মিনিটে বুকায়ো সাকার পাস থেকে হেডে গোল করে দলকে এগিয়ে দেন জুড বেলিংহ্যাম। এর মাত্র ৯৮ সেকেন্ড পর হ্যারি কেনের বাড়ানো বলে নিজের দ্বিতীয় গোল করে ব্যবধান ২-০ করেন রিয়াল মাদ্রিদের এই মিডফিল্ডার।
তবে দ্রুতই ম্যাচে ফেরে মেক্সিকো। চার মিনিট পর দুর্দান্ত এক গোলে ব্যবধান কমান হুলিয়ান কুইনোনেস। প্রথমার্ধে আরও কয়েকটি সুযোগ তৈরি করলেও ইংল্যান্ড গোলরক্ষক জর্ডান পিকফোর্ডের দৃঢ়তায় সমতায় ফিরতে পারেনি স্বাগতিকরা।
দ্বিতীয়ার্ধের শুরুতেই বড় ধাক্কা খায় ইংল্যান্ড। বাজে ট্যাকলের দায়ে ভিএআর পর্যালোচনার পর জারেল কুয়ানসাহকে সরাসরি লাল কার্ড দেখান রেফারি। ১০ জনের দলে পরিণত হয় ইংল্যান্ড।
তবে সংখ্যায় পিছিয়ে পড়েও ম্যাচের নিয়ন্ত্রণ হারায়নি তারা। ৫৭ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ব্যবধান ৩-১ করেন হ্যারি কেন। বিশ্বকাপে এটি ছিল তার ১৪তম গোল, যা তাকে জার্মান কিংবদন্তি গার্ড মুলারের সমান উচ্চতায় নিয়ে গেছে।
এরপরও লড়াই চালিয়ে যায় মেক্সিকো। ৬৯ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ব্যবধান কমান রাউল হিমিনেজ। শেষ দিকে একের পর এক আক্রমণ চালিয়েও সমতায় ফিরতে পারেনি স্বাগতিকরা।
এই জয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে ইংল্যান্ড। শেষ আটে তাদের প্রতিপক্ষ নরওয়ে, যারা দিনের আগের ম্যাচে ব্রাজিলকে ২-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে। আগামী ১১ জুলাই মায়ামি স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই ইউরোপীয় দল।