টেকনাফ প্রতিনিধি
বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে নৌকায় বজ্রপাতের ঘটনায় মো. হোসেন (৪৫) নামে এক জেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচ জেলে।
মঙ্গলবার (৩ নভেম্বর) রাত ১টার দিকে সাগরে মাছ ধরার সময় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. হোসেন টেকনাফের সেন্টমার্টিন এলাকার বাসিন্দা বশরের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে টেকনাফ সদর ইউনিয়নের উত্তর লম্বরী এলাকায় বসবাস করছিলেন।
আহতরা হলেন আবুল কালাম (৩০), আবুল কাসিম (২৪), ওসমান (২৫), শফি আলম ও হামিদুল হক। তাঁরা সবাই একই এলাকার বাসিন্দা।
নৌকার মাঝি হামিদুল হক জানান, সোমবার (২ নভেম্বর) দুপুরে তাঁরা ছয়জন উত্তর লম্বরী নৌকাঘাট থেকে মাছ ধরতে সাগরে রওনা হন। মঙ্গলবার রাত ১টার দিকে সাগরে জাল ফেলে মাছ ধরার অপেক্ষায় ছিলেন তাঁরা। এ সময় হঠাৎ বজ্রপাত শুরু হয়। একপর্যায়ে বজ্রপাত তাঁদের নৌকায় আঘাত হানলে মো. হোসেন গুরুতর আহত হন। এ ঘটনায় নৌকায় থাকা অন্য পাঁচজনও আহত হন।
নৌকার মালিক আবদুল আমিন জানান, সাগরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে একজনের মৃত্যু হয়েছে। নিহতের বাম হাতে বজ্রপাতের আঘাত লাগে। তবে অন্য পাঁচজন সরাসরি বজ্রপাতের আঘাতে আক্রান্ত হননি বলে তিনি জানান।
টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক নওশাদ আলম কানন জানান, সাগরে বজ্রপাতে আহত অবস্থায় এক জেলেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে আনা হয়। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তাঁর মৃত্যু হয়। আহত পাঁচজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠানো হয়েছে।
সেন্টমার্টিন ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফয়জুল ইসলাম জানান, তাঁদের এলাকার এক জেলে সাগরে বজ্রপাতে নিহত হয়েছেন বলে তিনি শুনেছেন। নিহতের স্বজনেরা টেকনাফে আসছেন। পরে মরদেহ সেন্টমার্টিনে নিয়ে যাওয়া হবে।
সাগরে মাছ ধরতে গিয়ে এমন দুর্ঘটনায় স্থানীয় জেলেদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।