টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
কক্সবাজারের টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে চলন্ত একটি ফলবোঝাই মিনি ট্রাকের চাকা বিস্ফোরিত হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে দেয়ালে ধাক্কা লাগার ঘটনায় একজন নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাকটির চালক গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার (১৪ জুলাই) সকাল আনুমানিক ১০টার দিকে টেকনাফ সদর উপজেলার মেরিন ড্রাইভ সড়কের লম্বরী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি হলেন সেন্টমার্টিন দ্বীপের বাসিন্দা নোরার ছেলে মোহাম্মদ কাশিম (৫০)।
স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শী ইকবাল আজিজ জানান, কক্সবাজার থেকে টেকনাফগামী একটি মিনি ট্রাকের একটি চাকা হঠাৎ বিকট শব্দে বিস্ফোরিত হয়। এতে চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি সড়কের পাশের একটি দেয়ালে সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষে দেয়ালের একটি অংশ ভেঙে যায় এবং ট্রাকে থাকা দুই ব্যক্তি গুরুতর আহত হন।
পরে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
সেন্টমার্টিনের বাসিন্দা আলমগীর আকাশ জানান, চার দিন আগে সেন্টমার্টিনে বিক্রির উদ্দেশ্যে কাঁঠাল ও বিভিন্ন মৌসুমি ফল কিনতে দিনাজপুরে গিয়েছিলেন মোহাম্মদ কাশিম। মঙ্গলবার ফলবোঝাই মিনি ট্রাক নিয়ে টেকনাফে ফেরার পথে লম্বরী এলাকায় ট্রাকটির চাকা বিস্ফোরিত হলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং ট্রাকটি সড়কের পাশের দেয়ালে ধাক্কা খায়।
তিনি জানান, দুর্ঘটনায় ট্রাকের সামনের আসনে থাকা চালক ও মোহাম্মদ কাশিম গুরুতর আহত হন। পরে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মোহাম্মদ কাশিমকে মৃত ঘোষণা করেন। আহত চালক বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
দুর্ঘটনার কারণ ও এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে।