সজীব রাজভর বিপিন | সিনিয়র রিপোর্টার
ময়মনসিংহ সিটি কর্পোরেশনের আওতায় নিম্নআয়ের সাধারণ পরিবারের মাঝে আনুষ্ঠানিকভাবে টিসিবি স্মার্ট ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৬ জুন) সিটি কর্পোরেশনের কার্যালয়ের সম্মেলন কক্ষে এই বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সুবিধাভোগীদের হাতে স্মার্ট ফ্যামিলি কার্ড তুলে দেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক মো. রুকনোজ্জামান রোকন। এ সময় সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তা, টিসিবি ঠিকাদার ও সুবিধাভোগী সাধারণ নাগরিকরা উপস্থিত ছিলেন।
কার্ড বিতরণকালে প্রধান অতিথি মো. রুকনোজ্জামান রোকন বলেন, “টিসিবি স্মার্ট ফ্যামিলি কার্ড প্রাপ্ত সুবিধাভোগীরা যাতে অত্যন্ত সহজে এবং কোনো প্রকার দুর্ভোগ ছাড়াই তাদের পণ্য গ্রহণ করতে পারেন, সে বিষয়ে আমাদের কড়া নজর রাখতে হবে। এ লক্ষ্যে সিটি কর্পোরেশনের কর্মকর্তা এবং টিসিবি ঠিকাদারদের পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে সুশৃঙ্খলভাবে বিতরণ কাজ সম্পন্ন করতে হবে, যেন সাধারণ মানুষকে লম্বা লাইনে দাঁড়িয়ে হয়রানির শিকার হতে না হয়।”
টিসিবি ঠিকাদারদের উদ্দেশ্যে প্রশাসক আরও বলেন, “আপনারা বিনামূল্যে এই পণ্য বিতরণ করছেন না, তাই পণ্য বিতরণের স্থানটি অবশ্যই সুবিধাজনক এবং খোলামেলা হতে হবে, যেখান থেকে সুবিধাভোগীরা খুব সহজেই তাদের পণ্য সংগ্রহ করতে পারেন।”
সিটি কর্পোরেশন সূত্রে জানা গেছে, এই কার্যক্রমের আওতায় প্রথম পর্যায়ে মোট ১ হাজার ৮৯০টি নিম্নআয়ের পরিবারের মাঝে এই টিসিবি স্মার্ট ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে। ডিজিটাল এই কার্ডের মাধ্যমে কার্ডধারী পরিবারগুলো এখন থেকে আরও সুশৃঙ্খল ও সহজ পদ্ধতিতে সরকারের ভর্তুকি মূল্যের টিসিবি পণ্য কিনতে পারবেন।