স্টাফ করেসপন্ডেন্ট
সদ্য পদত্যাগ করা সংসদ সদস্য ড. মোহাম্মদ ওসমান ফারুকের ছেড়ে দেওয়া কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচনে দলীয় প্রার্থী বাছাইয়ের প্রক্রিয়া শুরু করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এ নির্বাচনে অংশ নিতে আগ্রহী প্রার্থীদের জন্য আগামী ৩০ নভেম্বর মনোনয়ন ফরম বিতরণ করবে দলটি।
শনিবার (২৮ নভেম্বর) বিএনপির সহ-দফতর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী সোমবার (৩০ নভেম্বর) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের তৃতীয় তলা থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করা যাবে। আগ্রহী প্রার্থীদের কাছ থেকে ২ ডিসেম্বর (বুধবার) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত একই স্থানে ফরম জমা নেওয়া হবে।
ত্রয়োদশ জাতীয় সংসদের ১৬৪ নম্বর নির্বাচনি এলাকা কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচনে বিএনপির প্রার্থী হতে ইচ্ছুক ব্যক্তিদের নির্ধারিত সময়ের মধ্যে মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
এর আগে গত ১৭ নভেম্বর জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম জানান, ড. মোহাম্মদ ওসমান ফারুক গত ১৪ নভেম্বর থেকে কার্যকর হওয়ার কথা উল্লেখ করে স্বাক্ষরিত পদত্যাগপত্র স্পিকারের কাছে পাঠান। গত ১৫ নভেম্বর তিনি পদত্যাগপত্রটি গ্রহণ করেন।
স্পিকার জানান, পদত্যাগপত্রটি বিধিসম্মত হওয়ায় তা গ্রহণ করা হয়েছে। সংবিধানের ৬৭ অনুচ্ছেদের (২) দফা অনুযায়ী, স্পিকারের কাছে পদত্যাগপত্র পৌঁছানোর তারিখ থেকেই সংশ্লিষ্ট সংসদ সদস্যের আসন শূন্য হয়েছে।
উল্লেখ্য, আসনটি শূন্য হওয়ায় আগামী ১০ জানুয়ারি কিশোরগঞ্জ-৩ আসনে উপনির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।