নিজস্ব প্রতিবেদক
দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং যেকোনো ধরনের অস্থিতিশীলতা মোকাবিলায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে।
শনিবার সকালে রাজধানীর রাজারবাগে কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল (সিপিএইচ) পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন। সাম্প্রতিক নাশকতা ও সহিংসতায় আহত পুলিশ সদস্যদের দেখতে হাসপাতালে যান স্বরাষ্ট্রমন্ত্রী।
হাসপাতালে চিকিৎসাধীন সদস্যদের শয্যাপাশে গিয়ে তাদের শারীরিক অবস্থার খোঁজ নেন তিনি। আহতদের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনাও দেন। দায়িত্ব পালনকালে আহত সদস্যদের সাহস ও পেশাদারিত্বের প্রশংসা করে তাদের পুলিশ পদকসহ বিভিন্নভাবে পুরস্কৃত করার ঘোষণা দেন মন্ত্রী।
সাংবাদিকদের স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সাম্প্রতিক নাশকতায় পুলিশ, এসআরবি, আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন), বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও আনসার ব্যাটালিয়নের বেশ কয়েকজন সদস্য আহত হয়েছেন। তাদের মধ্যে কারও মাথায় গুরুতর আঘাত রয়েছে, আবার কারও হাড় ভেঙে গেছে। অনেকেই প্রাথমিক চিকিৎসা নিলেও কয়েকজনের দীর্ঘমেয়াদি ও বিশেষায়িত চিকিৎসার প্রয়োজন হবে।
আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পেশাদারিত্বের প্রশংসা করে তিনি বলেন, দায়িত্ব গ্রহণের সময় সদস্যরা নিজের জীবনের বিনিময়ে হলেও জনগণের জানমালের নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষার শপথ নেন। সাম্প্রতিক শ্রমিক অসন্তোষের সময় নিজেরা আহত হওয়ার পরও তারা অসাধারণ ধৈর্যের পরিচয় দিয়েছেন। কোনো শ্রমিকের ওপর হাত তোলেননি। ফলে হতাহতের ঘটনা এড়ানো সম্ভব হয়েছে, যা দেশ-বিদেশে প্রশংসিত হয়েছে।
শ্রমিক অসন্তোষ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সাধারণ শ্রমিকেরা মজুরি বোর্ডের ঘোষিত ন্যূনতম মজুরিতে সন্তুষ্ট। তারা শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল রয়েছেন। তবে শ্রমিক পরিচয় ব্যবহার করে কিছু ব্যক্তি এবং সীমান্তের ওপার থেকে উসকানিদাতারা দেশের বিভিন্ন এলাকায় জ্বালাও-পোড়াও ও অস্থিরতা তৈরির চেষ্টা করছে। বিচ্ছিন্নভাবে মশাল মিছিলসহ নানা কর্মসূচির মাধ্যমে পরিস্থিতি অস্থিতিশীল করার এসব অপচেষ্টা সফল হবে না।
সীমান্ত পরিস্থিতি নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সীমান্তের ওপারে কে কী করছে, সেটি দেখার বিষয় নয়। তবে দেশের অভ্যন্তরে কিংবা সীমান্তের এপারে কাউকে কোনো ধরনের অপতৎপরতা চালাতে দেওয়া হবে না। প্রতিবেশী দেশের কোনো ব্যক্তির অপ্রাসঙ্গিক ও অরাজনৈতিক বক্তব্যের বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
হাসপাতাল পরিদর্শনকালে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের আধুনিকায়ন ও চিকিৎসাসেবার মান বাড়ানোর ওপর গুরুত্ব দেন স্বরাষ্ট্রমন্ত্রী। বিশেষ করে অর্থোপেডিক্স বিভাগে বিশেষজ্ঞ চিকিৎসক বাড়ানো এবং নিউরো মেডিসিন বিশেষজ্ঞ নিয়োগের বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি হাসপাতালে ক্যান্সার ইউনিট চালুর বিষয়েও ইতিবাচক মনোভাব প্রকাশ করেন তিনি।
এ সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির এবং কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের পরিচালক (ডিআইজি) মোহাম্মদ মুসলিমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সাম্প্রতিক সহিংসতায় আহত আট পুলিশ সদস্য বর্তমানে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে ছয়জন গোপালগঞ্জ, একজন গাজীপুর সদর এবং একজন শিল্পাঞ্চল পুলিশে কর্মরত।