স্টাফ করেসপন্ডেন্ট
দেশে অস্থিতিশীলতা ও নৈরাজ্য সৃষ্টির চক্রান্তের বিরুদ্ধে সব সম্প্রদায়ের মানুষকে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, বাংলাদেশের মানুষ সবসময় সংগ্রামের মধ্য দিয়ে নিজেদের অধিকার আদায় করেছে। দেশের বিরুদ্ধে চলমান ষড়যন্ত্রও এ দেশের মানুষ ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে সক্ষম হবে বলে তিনি বিশ্বাস করেন।
সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারে আয়োজিত দানোত্তম কঠিন চীবর দানোৎসব ও জাতীয় বৌদ্ধ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রপতি এসব কথা বলেন।
রাষ্ট্রপতি বলেন, কঠিন চীবর দান বৌদ্ধ সম্প্রদায়ের একটি ঐতিহ্যবাহী ও গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব। এ ধরনের আয়োজন শান্তি, সম্প্রীতি ও মানবকল্যাণের চেতনা ছড়িয়ে দেয় এবং ধর্ম-বর্ণ নির্বিশেষে সমাজের সব মানুষকে অনুপ্রাণিত করে।
এ সময় তিনি প্রয়াত বৌদ্ধ ধর্মীয় নেতাদের স্মরণ করে তাঁদের অবদানের কথা তুলে ধরেন। তাঁদের কর্ম ও অবদান মানুষের হৃদয়ে চিরস্মরণীয় হয়ে থাকবে বলেও উল্লেখ করেন তিনি।
গৌতম বুদ্ধের জীবন ও দর্শন থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানিয়ে রাষ্ট্রপতি বলেন, অন্ধবিশ্বাস, হিংসা ও বিদ্বেষ পরিহার করে জ্ঞান, যুক্তি, আত্মশুদ্ধি ও নৈতিকতার পথে চলতে হবে।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, অনেক আত্মত্যাগের বিনিময়ে দেশে একটি গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার সুযোগ তৈরি হয়েছে। কিন্তু একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে দেশে অস্থিতিশীলতা সৃষ্টি করে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টা করছে। নৈরাজ্য সৃষ্টির মাধ্যমে বাংলাদেশকে আবারও অন্ধকারের দিকে ঠেলে দেওয়ার অপচেষ্টা চলছে।
তিনি বলেন, অতীতেও বাংলাদেশের মানুষ এ ধরনের ষড়যন্ত্র প্রতিহত করেছে। সংগ্রামের মধ্য দিয়ে একটি সুন্দর বাংলাদেশ গড়ে তোলার প্রচেষ্টা অব্যাহত রেখেছে।
বৌদ্ধ সম্প্রদায়ের বিভিন্ন দাবির বিষয়ে রাষ্ট্রপতি বলেন, বর্তমান সরকার সব ধর্মীয় সম্প্রদায়ের উন্নয়ন ও অধিকার সমুন্নত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। বৌদ্ধবিহার ও ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর সংস্কার ও উন্নয়নে আর্থিক অনুদান, বৌদ্ধ ভিক্ষুদের সম্মানী ভাতা এবং শিশুদের প্রাক-প্রাথমিক পর্যায়ে ধর্মীয় ও নৈতিক শিক্ষা প্রদানের মতো বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।
তিনি বলেন, সংবিধান দেশের সব নাগরিককে যে অধিকার দিয়েছে, তা রক্ষায় সবাইকে সচেতন হতে হবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া সবসময় বলতেন, বাংলাদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই, এ দেশের সবাই বাংলাদেশি নাগরিক। সবার অধিকার রক্ষায় সবাইকে সোচ্চার হতে হবে।
বাংলাদেশের দীর্ঘদিনের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য তুলে ধরে রাষ্ট্রপতি বলেন, অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক দেশ হিসেবে বাংলাদেশের যে সুনাম রয়েছে, তা অক্ষুণ্ন রাখতে হবে। আমরা সবাই এ মাটির সন্তান। দেশ, জনগণ, মা ও মাটিকে ঘিরে সব ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে দাঁড়াতে হবে।
তিনি বলেন, বাংলাদেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ও মুসলমানরা একসঙ্গে বসবাস করেন। এ দেশের মানুষ সাম্প্রদায়িকতাকে প্রত্যাখ্যান করেছে এবং সাম্প্রদায়িক সম্প্রীতির পরিবেশ বজায় রেখেছে।
বাংলাদেশের বৌদ্ধ সম্প্রদায়ের কল্যাণে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদানের কথা উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৮ সালে চীন থেকে অতীশ দীপঙ্করের পবিত্র দেহভস্ম বাংলাদেশে ফিরিয়ে এনেছিলেন।
এর মাধ্যমে তিনি দেশের বৌদ্ধ ধর্মাবলম্বীদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ করেন। সেই পবিত্র দেহভস্ম এখনো ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারে সংরক্ষিত রয়েছে, যা বাংলাদেশের বৌদ্ধ সম্প্রদায়ের ইতিহাস ও ঐতিহ্যের অমূল্য সম্পদ।
অনুষ্ঠানের শুরুতে আয়োজকদের পক্ষ থেকে রাষ্ট্রপতিকে ক্রেস্ট প্রদান করা হয়। এ সময় তিনি স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন করেন।