নিজস্ব প্রতিবেদক
দেশের বেসামরিক বিমান চলাচল ও পর্যটন খাতের উন্নয়ন, টিকিট সিন্ডিকেট দমন এবং কারিগরি সহযোগিতা জোরদারে ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন (আইএটিএ)-এর সঙ্গে বৈঠক করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম, এমপি এবং প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত, এমপি।
রোববার (৩ আগস্ট) দুপুর ১টায় বাংলাদেশ সচিবালয়ে অনুষ্ঠিত সৌজন্য সাক্ষাতে আইএটিএর আঞ্চলিক ভাইস প্রেসিডেন্ট শেজডন হি (Shejdon Hee) অংশ নেন।
বৈঠকে আইএটিএর আঞ্চলিক ভাইস প্রেসিডেন্ট বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল খাতের উন্নয়নে সংস্থাটির পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। পাশাপাশি, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত বাংলাদেশ এয়ারলাইন্স টেকনিক্যাল সেন্টার (BATC)-কে আন্তর্জাতিক মানসম্পন্ন ও আধুনিক প্রতিষ্ঠানে রূপান্তরের লক্ষ্যে আইএটিএ কারিগরি সহযোগিতা দিতে আগ্রহ প্রকাশ করে।
বৈঠকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম বলেন, "টিকিট সিন্ডিকেট দমনে সরকার কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে। এ ক্ষেত্রে আইএটিএর কারিগরি সহযোগিতা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। বর্তমান সরকার বিমান খাতে যেকোনো ধরনের সিন্ডিকেটের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে।"
প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত বলেন, "পরিবেশ সুরক্ষার লক্ষ্যে বেসামরিক বিমান চলাচল অধ্যাদেশে কার্বন নিঃসরণ হ্রাস-সংক্রান্ত পৃথক ধারা সংযোজন করা হয়েছে। সরকার টেকসই এভিয়েশন ফুয়েল (SAF) নিশ্চিত করতে কাজ করছে। পাশাপাশি, আকাশপথে অপরাধ দমনে মন্ট্রিয়ল প্রটোকল-২০১৪ গ্রহণের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।"
বৈঠকে দেশের পর্যটন খাতের উন্নয়ন, আন্তর্জাতিক আকাশপথে সংযোগ সম্প্রসারণ, বেসামরিক বিমান পরিবহন খাতের সক্ষমতা বৃদ্ধি এবং সরকার ও আইএটিএর মধ্যে ভবিষ্যৎ সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়।