নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশকে একটি আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তুলতে সরকার নিরলসভাবে কাজ করছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজামান মিল্লাত। তিনি বলেন, এ লক্ষ্য বাস্তবায়নে একটি সমন্বিত এভিয়েশন মাস্টার প্ল্যান প্রণয়নের কাজ এগিয়ে চলছে, যা আগামী কয়েক দশকে দেশের বেসামরিক বিমান চলাচল খাতের টেকসই, আধুনিক ও পরিকল্পিত উন্নয়নের দিকনির্দেশনা দেবে।
বুধবার (২৯ জুলাই) রাজধানীর বনানীতে একটি হোটেলে আয়োজিত ‘Beyond with Boeing: Powering the Next Chapter of Aviation’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, দেশীয় একটি বিমান সংস্থা হিসেবে যাত্রা শুরু করে ইউএস-বাংলা এয়ারলাইন্স আজ দেশের অন্যতম শীর্ষস্থানীয় বিমান পরিবহন প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। সংস্থাটির ১৩ বছরে পদার্পণ উপলক্ষে তিনি ইউএস-বাংলা এয়ারলাইন্সের সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানান।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান-এর দূরদর্শী নেতৃত্বে সরকার দেশের বিমান চলাচল খাতকে আরও আধুনিক, প্রতিযোগিতামূলক ও বিনিয়োগবান্ধব করে তুলতে কাজ করছে। এভিয়েশন মাস্টার প্ল্যান বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশকে আন্তর্জাতিক সংযোগের গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।
প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার বেসরকারি খাতের বিকাশে বিনিয়োগবান্ধব নীতি প্রণয়ন করছে। তার বিশ্বাস, এ ধরনের আয়োজন বাংলাদেশের বিমান চলাচল শিল্পে আরও বেশি বিনিয়োগ আকৃষ্ট করবে এবং নতুন সম্ভাবনা ও সুযোগের দ্বার উন্মোচন করবে।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত Brent T. Christensen এবং Boeing ও ইউএস-বাংলা এয়ারলাইন্সের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।