নিজস্ব প্রতিবেদক
আগামী ২৭ সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে দেশব্যাপী ব্যাপক কর্মসূচি গ্রহণের উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল ১১টায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম, এমপি। উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, এমপি। এছাড়া মন্ত্রণালয়ের সচিব ফাহমিদা আখতার, এনডিসি এবং মন্ত্রণালয় ও অধীনস্থ সংস্থাগুলোর কর্মকর্তারা অংশ নেন।
এবারের বিশ্ব পর্যটন দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে—‘ডিজিটাল রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তায় আগামীর পর্যটন’।
সভায় পর্যটনমন্ত্রী আফরোজা খানম বলেন, এবার সারা দেশে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে উৎসবমুখর পরিবেশে বিশ্ব পর্যটন দিবস উদযাপন করা হবে। দেশের পর্যটন সম্ভাবনাকে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরতে দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্যভিত্তিক প্রদর্শনীর আয়োজন করা হবে। একই সঙ্গে জেলা পর্যায়েও একযোগে দিবসটি উদযাপনের ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন তিনি।
মন্ত্রী আরও বলেন, দেশের পর্যটন শিল্পকে বিশ্বদরবারে আরও কার্যকরভাবে তুলে ধরতে বেসরকারি খাতের অংশীজনদের সক্রিয় সহযোগিতা প্রয়োজন।
প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত জানান, বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে দেশের গুরুত্বপূর্ণ জনবহুল স্থানে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড নির্মিত প্রচারণামূলক টিভিসি প্রদর্শন করা হবে। এছাড়া বিদেশি কূটনীতিকদের সম্মানে লাইভ কুকিং শো ও রান্না প্রতিযোগিতার আয়োজন করা হবে, যার মাধ্যমে বাংলাদেশের সমৃদ্ধ ও বৈচিত্র্যময় রন্ধনশিল্প আন্তর্জাতিক পরিমণ্ডলে তুলে ধরা হবে।