অনলাইন ডেস্ক
ইরান যুদ্ধকে কেন্দ্র করে পশ্চিম এশিয়ায় ক্রমবর্ধমান সংঘাতের মধ্যে সৌদি আরবের বিরুদ্ধে ইরান সমর্থিত হুতিদের ঘোষিত ‘নৌ-অবরোধের’ তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তির মাধ্যমে সরকারের এই অবস্থান আনুষ্ঠানিকভাবে প্রকাশ করে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, এ ধরনের অবরোধের ঘোষণা আঞ্চলিক উত্তেজনা বাড়ায়, শান্তি ও স্থিতিশীলতাকে ক্ষুণ্ন করে এবং আন্তর্জাতিক সামুদ্রিক বাণিজ্যে গুরুতর বাধা সৃষ্টি করে। জাতিসংঘের সমুদ্র আইন কনভেনশন (আনক্লস) ও আন্তর্জাতিক আইনের আলোকে লোহিত সাগরসহ সকল আন্তর্জাতিক জলপথে অবাধ ও আইনি জাহাজ চলাচলের সমর্থনের বিষয়টি পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, বিশ্ব বাণিজ্য ও জ্বালানি সরবরাহের প্রধানতম সংযোগস্থল লোহিত সাগরে বাণিজ্য ব্যাহত হলে তা বৈশ্বিক অর্থনীতিতে মারাত্মক প্রভাব ফেলবে। তাই সমুদ্রগামী নাবিক ও পণ্যবাহী জাহাজের পূর্ণ নিরাপত্তা সুনিশ্চিত করার আহ্বান জানানো হয়। একই সাথে, সংঘাত বাড়াতে পারে এমন পদক্ষেপ থেকে বিরত থেকে সংলাপ ও কূটনীতির মাধ্যমে মধ্যপ্রাচ্যের সংকট সমাধানের জোর তাগিদ দিয়েছে বাংলাদেশ।