নিজস্ব প্রতিবেদক
বন্যা ও টানা বৃষ্টির কারণে ক্ষতিগ্রস্ত এইচএসসি পরীক্ষার্থীদের প্রয়োজন হলে পুনরায় পরীক্ষা নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। একই সঙ্গে পদার্থবিজ্ঞান প্রথম পত্র পরীক্ষার ভুল প্রশ্নের জন্য পরীক্ষার্থীদের পূর্ণ নম্বর দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।
মঙ্গলবার (১৪ জুলাই) বিকেলে এক বক্তব্যে শিক্ষামন্ত্রী বলেন, আন্দোলনরত শিক্ষার্থীরা যেন দ্রুত পড়াশোনায় ফিরে যায়, সেটিই সরকারের প্রত্যাশা।
তিনি বলেন, “বন্যা-বৃষ্টির কারণে কেউ পরীক্ষা দিতে না পারলে প্রয়োজন হলে পুনরায় পরীক্ষা নেওয়া হবে। প্রশাসনের কোনো সিদ্ধান্তে যদি কোনো শিক্ষার্থী ক্ষতিগ্রস্ত হয়, তাহলে সেই ক্ষতি পুষিয়ে দেওয়া হবে।”
পদার্থবিজ্ঞান প্রথম পত্রের প্রশ্নে ত্রুটির বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, “এইচএসসি পরীক্ষায় পদার্থবিজ্ঞান প্রথম পত্রের ৬ ও ৭ নম্বর প্রশ্নে ভুল ছিল। এ দুটি প্রশ্নের জন্য সব পরীক্ষার্থীকে পূর্ণ নম্বর দেওয়া হবে।”
তিনি আরও বলেন, বর্তমান সরকার মাত্র চার মাস আগে দায়িত্ব নিয়েছে। প্রশ্ন প্রণয়নের কাজ দুই বছর আগে থেকেই শুরু হয় এবং আগের সরকারের সময় নিয়োগপ্রাপ্ত প্রশ্ন প্রণয়নকারী ও মডারেটররাই এ প্রশ্ন তৈরি করেছিলেন।
শিক্ষামন্ত্রী বলেন, “আমরা দায়িত্ব নেওয়ার পর কোনো প্রশ্ন তৈরি করিনি। আগের সরকারের মডারেটররাই প্রশ্ন করেছেন। তবুও ভুল ধরা পড়ার সঙ্গে সঙ্গে আমরা সিদ্ধান্ত নিয়েছি—পদার্থবিজ্ঞানের ৬ ও ৭ নম্বর প্রশ্নে সবাইকে পূর্ণ নম্বর দেওয়া হবে।”
তিনি জানান, পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সরকার প্রয়োজনীয় সব প্রস্তুতি নিয়েছিল এবং পরীক্ষা চলাকালে সার্বক্ষণিকভাবে সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে যোগাযোগ রাখা হয়েছে। তাদের মূল্যায়ন অনুযায়ী, সার্বিকভাবে পরীক্ষা ভালো হয়েছে।
তবে কুমিল্লা সরকারি মহিলা কলেজ কেন্দ্রের মাঠে বৃষ্টির পানি জমে যাওয়ায় কিছুটা সমস্যা হয়েছিল উল্লেখ করে তিনি বলেন, পরিস্থিতি বিবেচনায় সেখানে পরীক্ষা বিলম্বে শুরু করার নির্দেশ দেওয়া হয়।
এছাড়া এক পরীক্ষার্থীর পোশাক বৃষ্টিতে ভিজে যাওয়ায় তাকে বাড়ি থেকে পোশাক এনে পরিবর্তনের সুযোগ দেওয়া হয়। পরে তার পরীক্ষা এক ঘণ্টা বিলম্বে নেওয়া হয় এবং সেই অনুযায়ী অতিরিক্ত সময়ও দেওয়া হয়েছে বলে জানান শিক্ষামন্ত্রী।