নিজস্ব প্রতিবেদক
প্রাথমিক স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য করতে দেশের ১৯২টি নগর স্বাস্থ্যকেন্দ্রের মাধ্যমে সেবার পরিধি সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে সরকার। এ উদ্যোগের মাধ্যমে নগরবাসী, বিশেষ করে নিম্নআয়ের মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত ‘নগর এলাকায় প্রাথমিক স্বাস্থ্যসেবা সম্প্রসারণ’ শীর্ষক আলোচনা সভায় এ কথা জানান স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘ সময় লাইনে অপেক্ষা না করেই নগরবাসী যেন সহজে প্রাথমিক স্বাস্থ্যসেবা পেতে পারেন, সে লক্ষ্যেই সরকার কাজ করছে। এতে নগর এলাকার মানুষের স্বাস্থ্যসেবায় প্রবেশাধিকার আরও সহজ হবে।
তিনি বলেন, দেশের প্রতিটি নাগরিকের জন্য মানসম্মত প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সরকারের অন্যতম প্রধান লক্ষ্য। এ লক্ষ্যে উপজেলা পর্যায়ে কিডনি ডায়ালাইসিস সেবা চালু করা হচ্ছে। পাশাপাশি ৫০ শয্যাবিশিষ্ট হাসপাতাল এবং জেলা হাসপাতালগুলোতেও ডায়ালাইসিস সুবিধা সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে।
সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষ যাতে চিকিৎসাসেবা থেকে বঞ্চিত না হন, সে জন্য নতুন অবকাঠামো নির্মাণ, হাসপাতাল ভবন সম্প্রসারণ এবং বিভিন্ন স্বাস্থ্যসেবা কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।
তিনি আরও বলেন, চিকিৎসাসেবার অভাবে যেন কোনো মানুষের প্রাণহানি না ঘটে, সে লক্ষ্যেই সরকার ধাপে ধাপে স্বাস্থ্যসেবার পরিধি ও সক্ষমতা বাড়িয়ে যাচ্ছে।