নিজস্ব প্রতিবেদক
ডা. জুবাইদা রহমান।
ছবি:
প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী ও চিকিৎসক ডা. জুবাইদা রহমান বলেছেন, শিশুরাই একটি জাতির সবচেয়ে বড় সম্পদ এবং ভবিষ্যতের প্রধান শক্তি। তারাই আগামীর বাংলাদেশ গড়ে তুলবে। তাই তাদের সঠিক পরিচর্যা, মানসম্মত শিক্ষা এবং মানবিক মূল্যবোধে গড়ে তোলার কোনো বিকল্প নেই।
সোমবার (৬ জুলাই) সকালে রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত শিশু পরিচর্যা ও পুনর্বাসন কেন্দ্র পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।
পরিদর্শনকালে ডা. জুবাইদা রহমান কেন্দ্রটির বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন। তিনি শিশুদের সঙ্গে সময় কাটান, তাদের খোঁজখবর নেন এবং তাদের পরিবেশিত সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিভিন্ন উপস্থাপনা উপভোগ করেন। শিশুদের শৃঙ্খলা, আন্তরিকতা ও প্রাণবন্ত অংশগ্রহণের প্রশংসা করেন তিনি।
ডা. জুবাইদা রহমান বলেন, এই প্রতিষ্ঠান শুধু শিশুদের আশ্রয় দেওয়ার কাজই করছে না, বরং তাদের ভবিষ্যৎ গড়ে তোলার গুরুত্বপূর্ণ দায়িত্বও পালন করছে। এখানে শিশুদের সততা, শৃঙ্খলা, নিয়মানুবর্তিতা এবং মানবিক মূল্যবোধের শিক্ষা দেওয়া হচ্ছে, যা তাদের জীবন গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি বলেন, সঠিক শিক্ষা ও দিকনির্দেশনা পেলে এসব শিশুই ভবিষ্যতে নিজ নিজ ক্ষেত্রে প্রতিষ্ঠিত হবে। নিজেদের মেধা, যোগ্যতা ও কর্মের মাধ্যমে তারা দেশের উন্নয়ন ও অগ্রগতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
ডা. জুবাইদা রহমান আশা প্রকাশ করেন, এসব শিশু একদিন দেশের মুখ উজ্জ্বল করবে এবং আগামীর বাংলাদেশ বিনির্মাণে অগ্রণী ভূমিকা পালন করবে।