নিজস্ব প্রতিবেদক
প্রধানমন্ত্রী তারেক রহমান দেশি-বিদেশি বিনিয়োগের মাধ্যমে অলাভজনক ও বন্ধ রাষ্ট্রায়ত্ত কলকারখানা পুনরায় চালুর প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে পুরো প্রক্রিয়া স্বচ্ছ ও জবাবদিহিমূলকভাবে পরিচালনার ওপর গুরুত্বারোপ করেছেন তিনি।
শনিবার (৪ জুলাই) প্রধানমন্ত্রীর কার্যালয়ে অলাভজনক ও বন্ধ রাষ্ট্রায়ত্ত কলকারখানা পুনরায় চালুর প্রক্রিয়াগত অগ্রগতি পর্যালোচনা সভায় তিনি এ নির্দেশ দেন।
প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব জুলফিকার হাসান শিপলু বিষয়টি নিশ্চিত করেছেন।
সভায় জানানো হয়, বন্ধ ও অলাভজনক শিল্পপ্রতিষ্ঠানগুলোতে বিনিয়োগে দেশি-বিদেশি অনেক বেসরকারি প্রতিষ্ঠান আগ্রহ প্রকাশ করেছে। এসব প্রতিষ্ঠান যে ধরনের শিল্প স্থাপনের প্রস্তাব দিয়েছে, সেগুলোর সম্ভাব্যতা ও বাস্তবসম্মত দিকগুলো যাচাই করা হবে।
প্রধানমন্ত্রী বলেন, বিনিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে অপ্রয়োজনীয় সময়ক্ষেপণ এড়িয়ে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়নের উদ্যোগ নিতে হবে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বাণিজ্য, শিল্প এবং পাট ও বস্ত্রমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী শরীফুল আলম, অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব ও শিল্প মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।