নিজস্ব প্রতিবেদক
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) প্রশাসনে রদবদল করা হয়েছে। উপকমিশনার (ডিসি), অতিরিক্ত উপকমিশনার (এডিসি) ও সহকারী কমিশনার (এসি) পদমর্যাদার সাত কর্মকর্তাকে ডিএমপির বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগে বদলি করা হয়েছে।
গত বৃহস্পতিবার (২ জুলাই) ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক অফিস আদেশে এ বদলি করা হয়।
অফিস আদেশ অনুযায়ী, উপকমিশনার (ডিসি) পদমর্যাদার কর্মকর্তা মোহাম্মদ রাকিব খাঁনকে সিটি ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগ থেকে মিরপুর গোয়েন্দা (ডিবি) বিভাগে বদলি করা হয়েছে।
অতিরিক্ত উপকমিশনার (এডিসি) পদমর্যাদার কর্মকর্তাদের মধ্যে এস এম মিজানুর রহমানকে মতিঝিল বিভাগ থেকে আইসিটি বিভাগে, মো. আল আমিন হোসাইনকে গুলশান বিভাগ থেকে ডিবি রমনা জোনে, আবু সাঈদকে লালবাগ বিভাগ থেকে মোহাম্মদপুর জোনে এবং এস এ এম ফজল-ই-খুদাকে মিরপুর বিভাগ থেকে ডিবি পল্লবী জোনে বদলি করা হয়েছে।
এ ছাড়া মো. সাজ্জাদ হোসেনকে অর্থ বিভাগ থেকে কাউন্টার টেররিজম ইনভেস্টিগেশন বিভাগে দায়িত্ব দেওয়া হয়েছে।
সহকারী কমিশনার (এসি) পদমর্যাদার কর্মকর্তা জান্নাতুল ফেরদৌসকে ট্রাফিক সবুজবাগ জোন থেকে ডিএমপির হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট (এইচআরডি) বিভাগের প্রশিক্ষণ শাখায় বদলি করা হয়েছে।
ডিএমপির কর্মকর্তারা জানিয়েছেন, এটি নিয়মিত প্রশাসনিক কার্যক্রমের অংশ। রাজধানীর আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন কার্যক্রম আরও গতিশীল করা এবং বিভিন্ন বিশেষায়িত বিভাগের কার্যক্রম জোরদারের লক্ষ্যে এ রদবদল করা হয়েছে।
অফিস আদেশে বলা হয়েছে, বদলির আদেশ অবিলম্বে কার্যকর হবে।