Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
বুধবার, ১৭ জুন ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

সেপ্টেম্বর-অক্টোবরে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : মঙ্গলবার, ১৬ জুন,২০২৬, ০৫:০৫ পিএম
সেপ্টেম্বর-অক্টোবরে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন

চলতি বছরের বর্ষা মৌসুমের পরপরই, অর্থাৎ আগামী সেপ্টেম্বর বা অক্টোবর মাস থেকে পর্যায়ক্রমে দেশজুড়ে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে। আগামী এক বছরের মধ্যে ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা, জেলা পরিষদ ও সিটি করপোরেশনের নির্বাচন সম্পন্ন করার পরিকল্পনা হাতে নিয়েছে সরকার।

মঙ্গলবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই তথ্য জানান। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুলের প্রশ্নের জবাবে মন্ত্রী আরও বলেন, বাজেটের প্রাপ্যতার ওপর ভিত্তি করে পর্যায়ক্রমে এই নির্বাচনগুলো অনুষ্ঠিত হবে। এক্ষেত্রে প্রথমে ইউনিয়ন পরিষদ এবং পরবর্তীতে নবগঠিত বগুড়া সিটি করপোরেশনসহ দেশের ১৩টি সিটি করপোরেশনের নির্বাচন সম্পন্ন করা হবে।

একই দিনে সংসদে অন্যান্য সংসদ সদস্যদের প্রশ্নের জবাবে পানি সরবরাহ, বর্জ্য ব্যবস্থাপনা, ডিজিটাল সেবা এবং যুব সমাজের উন্নয়ন নিয়ে সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদক্ষেপ ও তথ্য উঠে আসে। সংসদীয় প্রশ্নোত্তর পর্বের মূল বিষয়গুলো নিচে তুলে ধরা হলো:

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনির প্রশ্নের জবাবে স্থানীয় সরকার মন্ত্রী জানান, ঢাকা মহানগরীর দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশনে বর্তমানে দৈনিক পানির চাহিদা ৩২০-৩২৫ কোটি লিটার। এর বিপরীতে ঢাকা ওয়াসার বর্তমান দৈনিক উৎপাদন সক্ষমতা ২৯৫-৩০০ কোটি লিটার, যা চাহিদার তুলনায় কিছুটা কম।

পানির গুণগত মান নিশ্চিতকরণ প্রসঙ্গে তিনি বলেন, অত্যাধুনিক কেমিক্যাল পিএসি (PAC), অ্যালুমিনিয়াম সালফেট ও ক্লোরিনেশনের মাধ্যমে পানি পরিশোধন করা হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) গাইডলাইন অনুসরণ করে ওয়াসার নিজস্ব ল্যাবরেটরিতে পরীক্ষার পর তা সরবরাহ করা হয়। এছাড়া প্রতিদিন মহানগরীর বিভিন্ন স্থান থেকে ৪০-৫০টি পানির নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়।

সংরক্ষিত আসনের সংসদ সদস্য নিপুণ রায় চৌধুরীর প্রশ্নের জবাবে মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, জন্ম ও মৃত্যু নিবন্ধন সেবা সহজ করতে এবং জনভোগান্তি দূর করতে ‘সফটওয়্যার ভার্সন ২’ তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।

অনলাইন পেমেন্ট: নতুন সিস্টেমে সরাসরি অনলাইনে ফি প্রদানের সুবিধা থাকবে।

ব্লকচেইন নিরাপত্তা: তথ্যের জালিয়াতি বা অবৈধ পরিবর্তন রোধে ব্লকচেইন প্রযুক্তি ব্যবহার করা হবে, যার ফলে কোনো স্তরে তথ্য পরিবর্তন হলে তার সুনির্দিষ্ট 'লগ' বা রেকর্ড জানা যাবে।

এদিকে সংরক্ষিত আসনের সেলিমা রহমানের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, ঢাকা উত্তর সিটি করপোরেশনে বাসাবাড়ির বর্জ্য সংগ্রহকারী বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে চুক্তির আওতায় আনার কাজ চলছে। এটি সম্পন্ন হলে পরবর্তীতে পরিবেশসম্মত ছোট কাভার্ড ভ্যানে ময়লা অপসারণের বিষয়টি বিবেচনা করা হবে। এছাড়া দেশের সব উপজেলায় সংসদ সদস্য ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের জন্য পরিদর্শন কক্ষ নির্মাণে প্রতিটি উপজেলাকে ইতোমধ্যে ৬ লাখ টাকা করে বরাদ্দ দেওয়া হয়েছে।

সংসদের একই অধিবেশনে নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য শেখ মো. রেজাউল ইসলাম ও মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. আব্দুল্লাহের পৃথক প্রশ্নের জবাবে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক মন্ত্রণালয়ের বিভিন্ন পরিকল্পনার কথা জানান।

জনসচেতনতামূলক কর্মশালা: যুব ও যুব নারীদের মোবাইল আসক্তি, মাদকাসক্তিসহ বিভিন্ন সামাজিক অপরাধ সম্পর্কে সচেতন করতে প্রতিটি জেলায় নিবন্ধিত যুব সংগঠনের মাধ্যমে নিয়মিত ক্যাম্পেইন ও কর্মশালা করা হচ্ছে।

সীমান্তবর্তী জেলাগুলোতে বিশেষ প্রকল্প: যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে সীমান্তবর্তী জেলাসমূহে প্রশিক্ষণ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি বিশেষ প্রকল্পের ডিপিপি (DPP) প্রণয়ন করা হয়েছে, যার সম্ভাব্যতা যাচাইয়ের (Feasibility study) কাজ ইতোমধ্যে শেষ হয়েছে।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)