মুহা. সিয়াম
প্রতিকূল আবহাওয়ার কারণে চরমোনাইর ঐতিহ্যবাহী বার্ষিক অগ্রহায়ণের মাহফিলের তারিখ দুই দিন পিছিয়ে দেওয়া হয়েছে। পূর্বনির্ধারিত ২৫, ২৬ ও ২৭ তারিখের পরিবর্তে আগামী ২৭, ২৮ ও ২৯ তারিখে অনুষ্ঠিত হবে এবারের মাহফিল।
পূর্বঘোষিত তারিখ অনুযায়ী মাহফিলে অংশ নিতে ইতোমধ্যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে অল্পসংখ্যক মুসল্লি চরমোনাইয়ে উপস্থিত হয়েছেন। তবে টানা বৃষ্টির কারণে মাহফিলস্থলে তাঁদের অবস্থান ও আবাসন ব্যবস্থায় কিছুটা অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
এ পরিস্থিতিতে গতকাল চরমোনাই আল কারীম জামে মসজিদে আগত মুসল্লি ও চরমোনাই মাদ্রাসার শিক্ষার্থীদের অংশগ্রহণে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। এতে বৃষ্টি বন্ধ হওয়া এবং আবহাওয়া অনুকূলে আসার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করা হয়।
আজ বৃষ্টির বিরতি কাটিয়ে চরমোনাই এলাকায় রোদের দেখা মিলেছে। আবহাওয়ার এ পরিবর্তনে স্বস্তি ফিরেছে। আবহাওয়া অনুকূলে থাকলে নতুন নির্ধারিত তারিখে মাহফিলের আয়োজন নির্বিঘ্নে সম্পন্ন করা সম্ভব হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
মাহফিল কর্তৃপক্ষ দেশবাসীর কাছে বিশেষ দোয়া কামনা করেছেন, যাতে আবহাওয়া অনুকূলে থাকে এবং মাহফিল সুষ্ঠু, সুন্দর ও সফলভাবে সম্পন্ন হয়। পাশাপাশি ধর্মপ্রাণ মুসল্লিদের উপস্থিতি ও আন্তরিক সহযোগিতায় এবারের মাহফিল সফল করার প্রত্যাশা ব্যক্ত করেছেন তাঁরা।