Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
সোমবার, ৯ নভেম্বর ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

অর্থায়ন নিয়ে বিতর্কের মধ্য দিয়ে শুরু কপ-৩১ জলবায়ু সম্মেলন

জলবায়ু সংকট মোকাবিলায় বিশ্বনেতাদের দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জাতিসংঘ মহাসচিবের

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : সোমবার, ৯ নভেম্বর,২০২৬, ০৮:২৩ পিএম
অর্থায়ন নিয়ে বিতর্কের মধ্য দিয়ে শুরু কপ-৩১ জলবায়ু সম্মেলন

অর্থায়ন নিয়ে প্রাথমিক বিতর্কের মধ্য দিয়ে সোমবার (৯ নভেম্বর) তুরস্কে শুরু হয়েছে কপ-৩১ জলবায়ু সম্মেলন। বিশ্বজুড়ে চরম আবহাওয়ার আরেকটি বিপর্যয়কর বছর পার করার পর জলবায়ু সংকট মোকাবিলায় বিশ্বনেতাদের মনোযোগী হওয়ার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস।

তুরস্কের ভূমধ্যসাগরীয় শহর আনতালিয়ার বিশাল এক্সপো সেন্টারে জাতিসংঘের দুই সপ্তাহব্যাপী বার্ষিক জলবায়ু সম্মেলনে হাজার হাজার প্রতিনিধি সমবেত হয়েছেন। সম্মেলনের শুরুতে বিশ্বনেতাদের প্রতি এই আহ্বান জানান গুতেরেস।

ইউরোপে তীব্র দাবদাহ, ইন্দোনেশিয়ায় ভয়াবহ দাবানল এবং নেপালে বিপর্যয়কর বন্যার পর এবারের সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।

বিশ্বজুড়ে এল নিনোর প্রভাবে জলবায়ু বিপর্যয় আরও তীব্র হওয়ার প্রেক্ষাপটে এক বিবৃতিতে গুতেরেস বলেন, ‘আমরা চরম আবহাওয়ার এক নতুন যুগে প্রবেশ করেছি।’

তিনি বিশ্বনেতাদের দ্রুত কার্বন নিঃসরণ কমানো, জীবাশ্ম জ্বালানি থেকে ন্যায়সংগত উত্তরণ নিশ্চিত করা এবং ঝুঁকিপূর্ণ দেশগুলোকে প্রয়োজনীয় অর্থায়ন ও সুরক্ষা দেওয়ার আহ্বান জানান।

কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা ছাড়াই কপ-৩১-এর উদ্বোধনী অনুষ্ঠান দেড় ঘণ্টা বিলম্বে শুরু হয়। উন্নয়নশীল দেশগুলোর দাবির মুখে জলবায়ু অর্থায়নের বিষয়টি আনুষ্ঠানিক আলোচ্যসূচিতে অন্তর্ভুক্ত করা নিয়ে রোববার গভীর রাত পর্যন্ত দর-কষাকষি করেন আলোচকেরা।

গ্রিনপিসের কপ-৩১ প্রতিনিধি দলের প্রধান জ্যাসপার ইনভেন্টর বলেন, ‘কপ-৩১ ইতোমধ্যে কঠিন সূচনার মুখে পড়েছে।’

জাতিসংঘের জলবায়ু চুক্তি অনুযায়ী, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং পরিচ্ছন্ন জ্বালানিতে রূপান্তরে সহায়তার জন্য উন্নত দেশগুলো দীর্ঘদিন ধরে উন্নয়নশীল দেশগুলোকে আর্থিক সহায়তা দিয়ে আসছে। তবে দরিদ্র দেশগুলোর অভিযোগ, এই অর্থের পরিমাণ প্রয়োজনের তুলনায় অনেক কম। ঐতিহাসিকভাবে গ্রিনহাউস গ্যাস নিঃসরণের জন্য উন্নত দেশগুলোই প্রধানত দায়ী।

ইনভেন্টর জানান, গত বছর ব্রাজিলে অনুষ্ঠিত কপ-৩০ সম্মেলনে উন্নয়নশীল দেশগুলোকে ধনী দেশগুলো কীভাবে অর্থায়ন করবে, তা নিয়ে আলোচনার জন্য একটি নতুন প্ল্যাটফর্ম তৈরি করা হয়েছিল। তবে এবারের সম্মেলনের আনুষ্ঠানিক আলোচ্যসূচিতে বিষয়টি অন্তর্ভুক্ত করার ক্ষেত্রে উন্নত দেশগুলো কঠোর অবস্থান নেয়।

আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, শেষ পর্যন্ত জলবায়ু অর্থায়ন কর্মপরিকল্পনা আনুষ্ঠানিক আলোচ্যসূচিতে অন্তর্ভুক্ত করা হচ্ছে।

আফ্রিকার দেশগুলোও জলবায়ু অভিযোজন খাতে অর্থায়ন তিন গুণ করার বিষয়টি আলোচ্যসূচিতে রাখার দাবি জানিয়েছে। এই অর্থ দিয়ে দরিদ্র দেশগুলো সমুদ্রের পানি থেকে উপকূল রক্ষায় বাঁধ নির্মাণ এবং খরা-সহনশীল ফসল চাষের মতো অভিযোজন কার্যক্রম পরিচালনা করতে পারে।

তবে সূত্রটি জানিয়েছে, অভিযোজন অর্থায়ন তিন গুণ করার বিষয়ে আলাদা কোনো আলোচ্যসূচি থাকছে না। অন্যান্য বিষয়ের আওতায় এটি নিয়ে আলোচনা হবে।

ইউরোপীয় ইউনিয়নের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা গত সপ্তাহে সতর্ক করে বলেছিলেন, কপ-৩১ সম্মেলনে নতুন করে অতিরিক্ত অর্থায়নের প্রতিশ্রুতি দেওয়ার মতো রাজনৈতিক সদিচ্ছার অভাব রয়েছে।

পর্যবেক্ষকদের মতে, জ্বালানি তেল আমদানিতে চাপ এবং যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ ও ইউক্রেনে রাশিয়ার সংঘাতকে কেন্দ্র করে ভূরাজনৈতিক উত্তেজনার কারণে এবারের সম্মেলনে বড় ধরনের অগ্রগতি বা সমঝোতার সম্ভাবনা সীমিত।

কপ-৩১ সম্মেলনে তুরস্ক সভাপতিত্ব করলেও এক ব্যতিক্রমী ব্যবস্থায় আলোচনা ও মধ্যস্থতার প্রধান দায়িত্ব পালন করছে অস্ট্রেলিয়া। সম্মেলনের আয়োজক দেশ নির্বাচন নিয়ে বিরোধের অবসান ঘটাতে এই ব্যবস্থা নেওয়া হলেও এর কার্যকারিতা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে কপ-৩১ সভাপতি ও তুরস্কের পরিবেশমন্ত্রী মুরাত কুরুম এবং অস্ট্রেলিয়ার জলবায়ুমন্ত্রী ক্রিস বোয়েন করতালির মধ্যে একসঙ্গে হাত তুলে দুই দেশের সহযোগিতার প্রশংসা করেন।

দীর্ঘদিন ধরে বিভিন্ন চুক্তি ও উচ্চাভিলাষী ঘোষণার পর এবারের সম্মেলনকে প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের লক্ষ্যে ‘ইমপ্লিমেন্টেশন কপ’ বা বাস্তবায়নের সম্মেলন হিসেবে আখ্যায়িত করেছে দুই দেশ।

তবে বৈশ্বিক জলবায়ু কূটনীতিতে গুরুত্বপূর্ণ একটি দেশের অনুপস্থিতি রয়েছে। জলবায়ু পরিবর্তন নিয়ে সংশয়বাদী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কপ-৩১ সম্মেলনে কোনো সরকারি প্রতিনিধি দল পাঠাননি।

তবে গত সপ্তাহের যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে জয় পাওয়া ডেমোক্র্যাটদের একটি কংগ্রেসীয় প্রতিনিধি দল সম্মেলনে যোগ দিতে আনতালিয়ায় আসছে।

সূত্র: এএফপি।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)