আন্তর্জাতিক ডেস্ক
সৌদি আরবের জেদ্দায় সড়ক দুর্ঘটনায় শিশুসহ সাত বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৫ বাংলাদেশি। তাঁরা সবাই মদিনা থেকে জেদ্দায় ফেরার পথে দুর্ঘটনার শিকার হন।
শনিবার (৭ নভেম্বর) ভোরে মদিনা থেকে জেদ্দা যাওয়ার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। জেদ্দায় অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানা গেছে।
কনস্যুলেটের কর্মকর্তারা জানান, বাংলাদেশিরা একটি গাড়িতে করে মদিনা থেকে জেদ্দার দিকে যাচ্ছিলেন। পথে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। এতে নারী ও শিশুসহ সাতজন নিহত হন।
নিহত ব্যক্তিরা সবাই আল আবীর কোল্ড স্টোর ট্রেডিং কোম্পানির সঙ্গে সংশ্লিষ্ট। তাঁদের বাড়ি বাংলাদেশের কক্সবাজারের চকরিয়া উপজেলায়।
কোম্পানির মার্কেটিং ম্যানেজার নুরুজ্জামান জানান, নিহতদের মধ্যে রয়েছেন কোম্পানির স্টোরকিপার জিয়াউর রহমান, তাঁর দুই ছেলে ও এক মেয়ে। এ ছাড়া কোম্পানির ফর্কলিফট চালক ইলিয়াসের স্ত্রী এবং মক্কায় কর্মরত স্টোরকিপার আলমশাহ ও তাঁর এক মাস বয়সী কন্যাশিশু রয়েছেন।
দুর্ঘটনার খবর পেয়ে সৌদি আরবের স্থানীয় পুলিশ ও উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে সেগুলো স্থানীয় হাসপাতালের মর্গে পাঠানো হয়। আহত ১৫ জনকে একই হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
কনস্যুলেট সূত্র জানায়, আইনি প্রক্রিয়া সম্পন্ন করে নিহতদের মরদেহ দ্রুত দেশে স্বজনদের কাছে ফিরিয়ে আনতে দূতাবাসের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হবে।
এদিকে স্থানীয় সূত্রের বরাত দিয়ে জানা গেছে, মদিনা থেকে জেদ্দায় ফেরার পথে বাংলাদেশিদের বহনকারী একটি বাসকে পেছন থেকে ট্রাক ধাক্কা দিলে দুর্ঘটনাটি ঘটে। নিহত সাতজন বাংলাদেশের একাধিক পরিবারের সদস্য। তাঁদের মধ্যে শিশুও রয়েছে।