নিজস্ব প্রতিবেদক
বছরব্যাপী ‘নজরুল বর্ষ’ উদযাপন ঘিরে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। আগামী ২০২৬ সালের ২৫ মে থেকে ২০২৭ সালের ২৫ মে পর্যন্ত এই কর্মসূচি পালন করা হবে।
সভাটি অনুষ্ঠিত হয় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় বাংলাদেশ-এর সভাকক্ষে। এতে সভাপতিত্ব করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী।
সভায় জানানো হয়, দেশব্যাপী ৬৪ জেলা ও ৭৪টি উপজেলায় আর্থিক বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়া ১৮–২০ জুন তিন দিনব্যাপী উদ্বোধনী কর্মসূচি আয়োজনের প্রস্তুতি চলছে।
সভায় মন্ত্রী বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর চেতনা ও সাহিত্যকে নতুনভাবে বিশ্ববাসীর সামনে তুলে ধরার সময় এসেছে।
প্রস্তাবিত কর্মসূচির মধ্যে রয়েছে আন্তর্জাতিক প্ল্যাটফর্ম Amazon ও Netflix-এ নজরুল বিষয়ক প্রামাণ্যচিত্র নির্মাণ, এবং বাংলাদেশকে “Land of Nazrul” হিসেবে বিশ্বব্যাপী ব্র্যান্ডিং করা।
এছাড়া বিদেশে বাংলাদেশি মিশনগুলোতে বিশেষ আয়োজন, নজরুলের রচনার বিভিন্ন ভাষায় অনুবাদ, আন্তর্জাতিক সম্মেলন, মেলা ও প্রতিযোগিতার আয়োজনের প্রস্তাব দেওয়া হয়েছে।
তরুণদের সম্পৃক্ত করতে “Nazrul Talent Hunt” ও ডিজিটাল কনটেন্ট প্রতিযোগিতার পরিকল্পনাও সভায় উঠে আসে।
সভায় আরও উপস্থিত ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খেয়ম, সচিব কানিজ মওলাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও নজরুল গবেষকরা।
প্রস্তাবিত এসব কর্মসূচি যাচাই-বাছাই শেষে চূড়ান্ত করা হবে বলে জানানো হয়।