আন্তর্জাতিক ডেস্ক
জনগণের ভোটাধিকার ও সংবিধান রক্ষার দাবিতে আগামী সোমবার ভারতের রাজধানী দিল্লিতে বড় ধরনের বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে বিরোধী দলগুলোর জোট ইন্ডিয়া (INDIA)।
শনিবার (১০ অক্টোবর) কেরালার আলাপ্পুঝায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান সর্বভারতীয় কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক কে সি বেণুগোপাল।
বেণুগোপাল বলেন, সংবিধান ও জনগণের ভোটাধিকার সুরক্ষায় চলমান লড়াইয়ের অংশ হিসেবে এ কর্মসূচি নেওয়া হয়েছে। এ বিষয়ে উদ্বেগ জানাতে ইতোমধ্যে জোটের শীর্ষ নেতারা রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেছেন। আগামী সোমবার ভারতের প্রধান বিচারপতির সঙ্গেও তাঁদের সাক্ষাতের কথা রয়েছে বলে জানান তিনি।
সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে সুরক্ষা দেওয়ার চেষ্টা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের তীব্র সমালোচনা করেন বেণুগোপাল। তাঁর অভিযোগ, নির্বাচন কমিশনারকে আড়াল করার এই প্রচেষ্টাই মোদি ও শাহের পতনের কারণ হবে।
বেণুগোপাল আরও দাবি করেন, মোদির আচরণে মনে হচ্ছে তিনি পতনের দ্বারপ্রান্তে রয়েছেন এবং বিরোধীদের আন্দোলনকে ভয় পাচ্ছেন।
এ সময় দিল্লিতে বিক্ষোভ ঠেকাতে সরকারের নেওয়া পদক্ষেপেরও সমালোচনা করেন তিনি। তাঁর অভিযোগ, শনিবারের বিক্ষোভ কর্মসূচি প্রতিহত করতে দিল্লিতে কার্যত অবরুদ্ধ পরিস্থিতি তৈরি করা হয়েছে। বন্ধ রাখা হয়েছে মেট্রো স্টেশন ও দেশের অন্যান্য অংশের সঙ্গে দিল্লির রেল যোগাযোগ। মোতায়েন করা হয়েছে হাজার হাজার সশস্ত্র পুলিশ সদস্য।
অবাধ ও সুষ্ঠু নির্বাচনব্যবস্থা প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত কংগ্রেস ও ইন্ডিয়া জোটের আন্দোলন অব্যাহত থাকবে বলে জানান বেণুগোপাল।
কেরালায় ভোটার তালিকা সংশোধন বা বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) কার্যক্রমের ওপর দলের সতর্ক নজরদারির কথাও উল্লেখ করেন তিনি। পাশাপাশি নির্বাচন কমিশনের প্যাডে বিজেপির নির্বাচনী প্রতীক পদ্মের উপস্থিতি নিয়ে সাম্প্রতিক বিতর্কের বিষয়েও দৃষ্টি আকর্ষণ করেন এই কংগ্রেস নেতা।