আন্তর্জাতিক ডেস্ক
২০২৬ সালের নোবেল পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা চলছে। বুধবার (৭ অক্টোবর) তৃতীয় দিনে রসায়নে নোবেলজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে।
এ বছর যৌথভাবে রসায়নে নোবেল পুরস্কার পেয়েছেন হেনরি বি. কাগান ও কেনসো সোয়াই।
বাংলাদেশ সময় বুধবার বিকেল পৌনে ৪টায় সুইডেনের রাজধানী স্টকহোম থেকে রসায়নে নোবেল পুরস্কারজয়ীদের নাম ঘোষণা করা হয়।
এর আগে সোমবার (৫ অক্টোবর) প্রথম দিনে চিকিৎসাবিজ্ঞান বা শরীরতত্ত্বে নোবেলজয়ীদের নাম ঘোষণা করা হয়। এ বিভাগে যৌথভাবে পুরস্কার পেয়েছেন কার্ল ডেইসারোথ, পিটার হেগেমান ও জর্জি নাগেল। আলো-নিয়ন্ত্রিত আয়ন চ্যানেল ও অপটোজেনেটিক্স-সংক্রান্ত আবিষ্কারের জন্য তাদের এ পুরস্কার দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) দ্বিতীয় দিনে পদার্থবিজ্ঞানে নোবেলজয়ীর নাম ঘোষণা করা হয়। এ পুরস্কার পেয়েছেন বিজ্ঞানী ফ্রান্সিস হ্যালজেন। আইসকিউব নিউট্রিনো অবজারভেটরিতে গুরুত্বপূর্ণ অবদান এবং জ্যোতির্বৈজ্ঞানিক উৎস থেকে উচ্চশক্তির নিউট্রিনো আবিষ্কারের স্বীকৃতিস্বরূপ তাকে এ পুরস্কার দেওয়া হয়েছে।
নোবেল পুরস্কার ঘোষণার ধারাবাহিকতায় বুধবার রসায়ন, বৃহস্পতিবার সাহিত্য এবং শুক্রবার শান্তিতে নোবেলজয়ীর নাম ঘোষণা করা হবে। আগামী ১২ অক্টোবর অর্থনীতিতে নোবেলজয়ীর নাম ঘোষণা করা হবে।
শান্তিতে নোবেল পুরস্কার ঘোষণা করা হবে নরওয়ের রাজধানী অসলো থেকে। অন্য বিভাগগুলোর বিজয়ীদের নাম ঘোষণা করা হবে সুইডেনের রাজধানী স্টকহোম থেকে।
ডিনামাইটের উদ্ভাবক সুইডিশ বিজ্ঞানী ও শিল্পপতি আলফ্রেড নোবেলের মৃত্যুর পাঁচ বছর পর ১৯০১ সালে প্রথম নোবেল পুরস্কার দেওয়া শুরু হয়। আলফ্রেড নোবেলের উইলে পাঁচটি বিষয়ে পুরস্কারের কথা উল্লেখ ছিল। পরে ১৯৬৮ সালে সুইডেনের কেন্দ্রীয় ব্যাংকের উদ্যোগে অর্থনীতিতে নোবেল স্মারক পুরস্কার চালু করা হয়।
আগামী ১০ ডিসেম্বর আলফ্রেড নোবেলের মৃত্যুবার্ষিকীতে বিজয়ীদের হাতে আনুষ্ঠানিকভাবে পুরস্কার তুলে দেওয়া হবে। পুরস্কার হিসেবে দেওয়া হবে অর্থ, সনদ ও স্বর্ণপদক।