স্টাফ করেসপন্ডেন্ট
ঢাকায় শুরু হয়েছে তিন দিনব্যাপী ১৪তম ‘আন্তর্জাতিক কৃষি প্রযুক্তি মেলা-২০২৬’। আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আয়োজিত এ মেলা চলবে আগামী ৭ নভেম্বর পর্যন্ত। বৃহস্পতিবার সকালে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করেন।
পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ), বগুড়া এবং লিমরা ট্রেড ফেয়ার্স অ্যান্ড এক্সিবিশনস যৌথভাবে এ মেলার আয়োজন করেছে। এতে ১২টি দেশের ২৫০টি প্রতিষ্ঠানের তৈরি আধুনিক কৃষি প্রযুক্তি, যন্ত্রপাতি, খাদ্য প্রক্রিয়াজাতকরণ ও সংরক্ষণ ব্যবস্থার প্রদর্শনী হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী মীর শাহে আলম কৃষির আধুনিকায়ন এবং উন্নত যন্ত্রপাতি ব্যবহারের মাধ্যমে উৎপাদন খরচ কমানোর ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, কৃষকদের মেধা ও শ্রমের যথাযথ মূল্যায়ন এবং গবেষকদের সুযোগ-সুবিধা ও সম্মান বাড়াতে সরকার কাজ করছে।
তিনি জানান, ভূগর্ভস্থ পাইপলাইনের মাধ্যমে সেচ দিয়ে ইতোমধ্যে ৪০ শতাংশ পানি সাশ্রয় করা সম্ভব হয়েছে। পাশাপাশি অতিরিক্ত রাসায়নিক সারের ব্যবহার কমিয়ে জৈব সার ব্যবহারে গুরুত্ব দিতে হবে।
জ্বালানি সংকট প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, গত ২০ বছরের গ্যাসের ঘাটতি মোকাবিলায় সরকার ৫২টি নতুন কূপ খননের সিদ্ধান্ত নিয়েছে। ইতোমধ্যে ভোলা, নোয়াখালী ও তিতাসে নতুন গ্যাসের সন্ধান পাওয়া গেছে।
তিনি আরও বলেন, উত্তরাঞ্চলের উদ্বৃত্ত আলু ব্যবহার করে স্টার্চ পাউডার উৎপাদনের কারখানা স্থাপনের উদ্যোগ নেওয়া হচ্ছে। এতে বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে। পাশাপাশি বগুড়া বিমানবন্দর চালু করে সেখান থেকে আলু ও সবজি সরাসরি বিদেশে রপ্তানির পরিকল্পনা রয়েছে সরকারের।
অনুষ্ঠানে আরডিএর মহাপরিচালক আব্দুল মজিদ প্রামানিক এবং পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব ড. রফিকুল ই মোহামেদ উপস্থিত ছিলেন। তাঁরা গবেষণার উদ্ভাবনগুলো মাঠপর্যায়ে কৃষকদের কাছে পৌঁছে দেওয়া এবং টেকসই কৃষি উন্নয়নে এ ধরনের প্রদর্শনীর গুরুত্ব তুলে ধরেন।