বিনোদন ডেস্ক
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তারকাদের মুখাবয়ব বসিয়ে তৈরি করা আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। তাঁর মতে, কাউকে হেয় করার উদ্দেশ্যে মিথ্যা ও বানোয়াট ভিডিও তৈরি করে ছড়িয়ে দেওয়া কোনো বিনোদন নয়, বরং অপরাধ।
সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের সামাজিক যোগাযোগমাধ্যমের পেজ হ্যাক হওয়ার পর সেখানে এআই দিয়ে তৈরি কয়েকটি আপত্তিকর ভিডিও প্রকাশ করা হয়। পরে পেজটি হ্যাক হওয়ার বিষয়টি জানিয়ে দুঃখ প্রকাশ করে সংশ্লিষ্ট সংবাদমাধ্যম। তবে ভিডিওগুলো ছড়িয়ে পড়া নিয়ে আলোচনা-সমালোচনা অব্যাহত রয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে নিজের ফেসবুক পোস্টে এ বিষয়ে কথা বলেন মেহজাবীন। কাউকে মানুষ হিসেবে সম্মান জানাতে হলে কেন তাকে নিজের পরিবারের সদস্য হতে হবে, সেই প্রশ্ন তোলেন তিনি। তাঁর মতে, প্রত্যেক মানুষেরই সম্মান পাওয়ার অধিকার রয়েছে। কারও মা, বোন কিংবা পরিবারের অন্য সদস্য হওয়ার শর্তে নয়, মানুষ হিসেবেই সবার প্রতি সম্মান দেখানো উচিত।
সামাজিক যোগাযোগমাধ্যমে ভিউ, লাইক ও শেয়ার বাড়ানোর প্রতিযোগিতায় অন্যকে অপমান করে অর্থ উপার্জনের প্রবণতা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন এই অভিনেত্রী। অনলাইন কনটেন্ট তৈরি করে অনেকের জীবিকা নির্বাহের বিষয়টি স্বীকার করলেও তিনি মনে করেন, অর্থ উপার্জন কিংবা জনপ্রিয়তা অর্জনের জন্য কাউকে অপদস্থ করার কোনো গ্রহণযোগ্যতা নেই।
মেহজাবীন আরও বলেন, এ ধরনের ক্ষতিকর কনটেন্টের শিকার নারী-পুরুষ যে কেউ হতে পারেন। শুধু ভিডিও নির্মাতারাই নন, জেনেশুনে এসব ভিডিও ছড়িয়ে দেওয়া ব্যক্তিদের ভূমিকাও প্রশ্নবিদ্ধ। তাই সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো কিছু শেয়ার করার আগে নিজের বিবেক ও দায়িত্ববোধের কথা বিবেচনা করার আহ্বান জানিয়েছেন তিনি।