নিজস্ব প্রতিবেদক
সৌদি আরবের বিমানবন্দরে হামলার পরিপ্রেক্ষিতে যাত্রীদের নিরাপত্তার স্বার্থে ঢাকা থেকে সৌদি আরবের দাম্মাম ও রিয়াদগামী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সব ফ্লাইট আগামী ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।
বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থগিত ফ্লাইটগুলোর বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত ও নতুন সময়সূচি গণমাধ্যমের পাশাপাশি যাত্রীদের জানিয়ে দেওয়া হবে।
তবে জরুরি প্রয়োজনে যাত্রীরা সৌদি আরবের জেদ্দা ও মদিনা আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করে যাতায়াত করতে পারবেন। যাত্রীদের বাড়তি চাপ সামলাতে মদিনা রুটে বোয়িং ৭৮৭ উড়োজাহাজের পরিবর্তে বোয়িং ৭৭৭ চালু করা হয়েছে। এতে প্রতি ফ্লাইটে অতিরিক্ত ১৪৮টি আসন যুক্ত হয়েছে।
এ ছাড়া জেদ্দা রুটে আরও তিনটি অতিরিক্ত ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে বিমান কর্তৃপক্ষ।
টিকিট ও ভ্রমণসংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য যাত্রীদের নিকটস্থ বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সেলস সেন্টারে যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে।