বিনোদন ডেস্ক
মার্কিন পপ তারকা টেইলর সুইফট ও এনএফএল তারকা ট্রাভিস কেলসির বিয়েকে ঘিরে এবার দেখা গেল ভক্তদের ভিন্নধর্মী উন্মাদনা। বিয়ের অনুষ্ঠানস্থলের বাইরে পড়ে থাকা বিভিন্ন ফেলে দেওয়া জিনিস সংগ্রহ করে সেগুলো অনলাইনে বিক্রি করছেন নিউইয়র্কের শিল্পী জাস্টিন গিগন্যাক।
‘পকেট গারবেজ’ নামে পরিচিত এই সংগ্রহগুলো ছোট স্বচ্ছ অ্যাক্রিলিক কিউবের ভেতরে সিল করে বিক্রি করা হচ্ছে। প্রতিটির দাম রাখা হয়েছে ২৫ থেকে ১০০ মার্কিন ডলার।
সংগ্রহে রয়েছে রিং পপ, হারিয়ে যাওয়া এয়ারপড, এমনকি ব্যবহৃত ওভুলেশন টেস্ট কিটও। অবাক করার বিষয়, অদ্ভুত এসব সামগ্রীও টেইলর সুইফটের ভক্তরা স্মারক হিসেবে কিনতে হুমড়ি খেয়ে পড়ছেন।
শিল্পী জাস্টিন গিগন্যাকের দাবি, মানুষের ফেলে দেওয়া জিনিসও একটি সময়, স্থান ও ঘটনার স্মৃতি বহন করে। তাই সেগুলোর মধ্যেও শিল্পমূল্য এবং সংগ্রহযোগ্যতার বিশেষ গুরুত্ব রয়েছে।