বিনোদন ডেস্ক
জনপ্রিয় চিত্রনায়িকা দিলারা হানিফ পূর্ণিমার জন্মদিন আজ। বিশেষ এই দিনে স্ত্রীকে আবেগঘন শুভেচ্ছা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভালোবাসার বার্তা শেয়ার করেছেন তার স্বামী আশফাকুর রহমান রবিন।
নিজের ফেসবুক অ্যাকাউন্টে পূর্ণিমার একটি ছবি প্রকাশ করে রবিন লেখেন, “শুভ জন্মদিন, আমার প্রিয় বউ দিলারা হানিফ পূর্ণিমা। তোমার ভালোবাসা, যত্ন আর অফুরন্ত সমর্থন আমার জীবনকে আরও আলোকিত করে। আমরা একসঙ্গে কাটানো প্রতিটি মুহূর্তের জন্য আমি কৃতজ্ঞ। তোমার এই বিশেষ দিনটি যেন আনন্দ, হাসি আর তোমার প্রিয় সবকিছু দিয়ে ভরে ওঠে। সবসময় ভালোবাসি। শুভ জন্মদিন।”
রবিনের এই ভালোবাসার বার্তা প্রকাশের পরপরই তা ভক্তদের নজর কাড়ে। অনেকেই মন্তব্যে পূর্ণিমাকে জন্মদিনের শুভেচ্ছা জানান এবং এই দম্পতির সুন্দর সম্পর্কের প্রশংসা করেন।
স্ট্যাটাসের সঙ্গে কয়েকটি ছবিও শেয়ার করেছেন রবিন। এর মধ্যে একটি ছবিতে দেখা যায়, স্বামী-স্ত্রী দুজনই আর্জেন্টিনার জার্সি পরে আছেন। তাদের মাঝখানে ব্রাজিলের জার্সি পরা তাদের কন্যা আরশিয়া উমাইজা। ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যমে নেটিজেনদের বেশ প্রশংসা কুড়িয়েছে।
দীর্ঘদিন ধরেই সুখী দাম্পত্য জীবন কাটাচ্ছেন পূর্ণিমা ও রবিন। ব্যক্তিগত জীবন খুব বেশি প্রকাশ্যে না আনলেও বিশেষ দিনগুলোতে তারা একে অপরের প্রতি ভালোবাসা প্রকাশ করতে ভোলেন না।
স্বামীর আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসার বার্তায় পূর্ণিমার এবারের জন্মদিন আরও আনন্দময় হয়ে উঠেছে।