দর্শনার্থীদের ভিড়
নিজস্ব প্রতিবেদক
প্রধানমন্ত্রী তারেক রহমানকে উপহার দেওয়া আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসির অটোগ্রাফসংবলিত জার্সি এখন প্রদর্শিত হচ্ছে বাংলাদেশ জাতীয় জাদুঘরে। নিজের কাছে না রেখে দেশের ফুটবলপ্রেমীদের জন্য জার্সিটি জাদুঘরে প্রদর্শনের ব্যবস্থা করায় প্রতিদিনই সেটি দেখতে ভিড় করছেন শত শত দর্শনার্থী।
জাতীয় জাদুঘরের নিচতলার লবিতে প্রদর্শিত জার্সিটি ঘিরে তৈরি হয়েছে আলাদা আকর্ষণ। দেশের বিভিন্ন জেলা থেকে ফুটবলপ্রেমীরা ছুটে আসছেন প্রিয় তারকার স্বাক্ষরসংবলিত স্মারকটি এক নজর দেখার জন্য। অনেকেই জার্সিটির সঙ্গে ছবি তুলে স্মরণীয় মুহূর্ত ধরে রাখছেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান আর্জেন্টিনার তিন ফুটবলার—লিওনেল মেসি, এনজো ফার্নান্দেজ ও হুলিয়ান আলভারেজের স্বাক্ষরযুক্ত অরিজিনাল জার্সি উপহার পান। পরে সেটি ব্যক্তিগত সংগ্রহে না রেখে সাধারণ মানুষের দেখার জন্য জাতীয় জাদুঘরে হস্তান্তর করেন।
জাদুঘরে গিয়ে দেখা যায়, সিলেট থেকে সন্তানকে নিয়ে এসেছেন এক বিশ্ববিদ্যালয় শিক্ষক। বাবা-ছেলে দুজনই আর্জেন্টিনার সমর্থক। জার্সির সামনে দাঁড়িয়ে তারা মোবাইল ফোনে ছবি তুলছেন। একইভাবে জামালপুরের শামীম রানা অফিস থেকে ছুটি নিয়ে টাঙ্গাইল হয়ে ঢাকায় এসেছেন শুধুমাত্র প্রিয় ফুটবলারের স্বাক্ষরিত জার্সিটি কাছ থেকে দেখার জন্য।
দর্শনার্থীরা বলছেন, প্রধানমন্ত্রীর এমন উদ্যোগে দেশের সাধারণ মানুষও মেসির স্মারকটি কাছ থেকে দেখার সুযোগ পেয়েছেন, যা তাদের জন্য আনন্দের ও গর্বের বিষয়।
জাতীয় জাদুঘরের নিরাপত্তার দায়িত্বে থাকা কবির উদ্দিন জানান, প্রতিদিন শত শত মানুষ জার্সিটি দেখতে আসছেন। বিশেষ করে তরুণ দর্শনার্থীদের আগ্রহ সবচেয়ে বেশি।
জাতীয় জাদুঘরের ইতিহাস ও ধ্রুপদী শিল্পকলা বিভাগের কিপার মনিরুল ইসলাম বলেন, বিশ্বকাপ চলাকালীন জার্সিটি নিচতলার লবিতেই প্রদর্শিত হবে। পরে এটি স্থায়ীভাবে কোন গ্যালারিতে রাখা হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
তিনি আরও জানান, ভবিষ্যতে ব্রাজিল সমর্থকদের কথা বিবেচনায় রেখে ব্রাজিলের কোনো কিংবদন্তি ফুটবলারের স্বাক্ষরিত জার্সিও সংগ্রহ ও প্রদর্শনের বিষয়টি বিবেচনা করা হচ্ছে।
প্রধানমন্ত্রীর উপহার পাওয়া মেসির অটোগ্রাফ জার্সির প্রদর্শনী এখন জাতীয় জাদুঘরের অন্যতম আকর্ষণে পরিণত হয়েছে। বিশ্বকাপের উন্মাদনার মধ্যেই এটি ফুটবলপ্রেমীদের জন্য বিশেষ আগ্রহের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।