স্পোর্টস ডেস্ক
আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি।
ছবি:
বিশ্বকাপের নকআউট পর্বে একের পর এক অঘটনের মধ্যেই শেষ ষোলোর গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। মিশরের বিপক্ষে লড়াইয়ের আগে আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি বলেছেন, এবারের বিশ্বকাপে কোনো দলকেই নিরঙ্কুশ শিরোপার দাবিদার বলা যাচ্ছে না।
মঙ্গলবার (৭ জুলাই) বাংলাদেশ সময় রাত ১০টায় ডালাসে শেষ ষোলোর ম্যাচে মিশরের মুখোমুখি হবে আর্জেন্টিনা। ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে স্কালোনি বলেন, চলতি আসরে প্রতিটি দলের জন্যই সমান চ্যালেঞ্জ তৈরি হয়েছে। অতীতের অনেক বিশ্বকাপের মতো এবার কোনো দল ধারাবাহিকভাবে নিজেদের শ্রেষ্ঠত্ব দেখাতে পারেনি।
স্কালোনির এই মন্তব্যের পেছনে রয়েছে টুর্নামেন্টজুড়ে ঘটে যাওয়া একাধিক অপ্রত্যাশিত ফলাফল। ব্রাজিল, পর্তুগাল, জার্মানি ও নেদারল্যান্ডসের মতো শক্তিশালী দল আগেভাগেই বিদায় নিয়েছে। অন্যদিকে ফ্রান্স, স্পেন ও আর্জেন্টিনাকেও নকআউট পর্বে জয় পেতে কঠিন লড়াই করতে হয়েছে।
আর্জেন্টিনা রাউন্ড অব ৩২-এ কেপ ভার্দের বিপক্ষে নির্ধারিত সময়ে সমতায় থাকার পর অতিরিক্ত সময়ে ৩-২ ব্যবধানে জয় তুলে নিয়ে শেষ ষোলো নিশ্চিত করে। একইভাবে ফ্রান্স প্যারাগুয়েকে হারিয়েছে পেনাল্টি থেকে পাওয়া একমাত্র গোলে, আর স্পেন পর্তুগালের বিপক্ষে জয় পেয়েছে যোগ করা সময়ের নাটকীয় গোলে।
স্কালোনি বলেন, “আগে বিশ্বকাপে চার-পাঁচটি দলকে সহজেই শিরোপার প্রধান দাবিদার হিসেবে চিহ্নিত করা যেত। কিন্তু এবার কাগজে-কলমে যাদের ফেবারিট ধরা হয়েছিল, তারা এখনো প্রত্যাশিত মানের পারফরম্যান্স দেখাতে পারেনি।”
এই অবস্থার কারণ ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, দীর্ঘ ক্লাব মৌসুম, খেলোয়াড়দের ক্লান্তি, ভ্রমণ, গরম আবহাওয়া, মাঠের অবস্থা এবং ঘাসের মান—সব মিলিয়ে দলগুলোর জন্য নিজেদের সেরা ফুটবল উপহার দেওয়া কঠিন হয়ে পড়েছে।
তবে নিজেদের পারফরম্যান্স নিয়ে সন্তুষ্ট আর্জেন্টিনা কোচ। তিনি বলেন, টানা চার ম্যাচে জয় অবশ্যই দলের আত্মবিশ্বাস বাড়িয়েছে। তবে নকআউট পর্বে ভুলের কোনো সুযোগ নেই। তাই প্রতিটি ম্যাচ শেষে ভুলগুলো বিশ্লেষণ করে আরও উন্নতি করতে হবে।
মিশরের বিপক্ষে জয় পেলেই কোয়ার্টার-ফাইনালে জায়গা নিশ্চিত করবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। তাই গুরুত্বপূর্ণ এই ম্যাচে সতর্ক ও আত্মবিশ্বাসী আর্জেন্টিনাকে দেখা যাবে বলেই আশা করছেন স্কালোনি।