টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
কক্সবাজারের টেকনাফ ও উখিয়ায় পৃথক তিনটি অভিযানে ৩০ কোটি টাকা আনুমানিক মূল্যের ৯ লাখ ৯৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। অভিযানে জব্দ করা হয়েছে একটি মোটরসাইকেলও।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়। ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম অভিযানের বিষয়টি নিশ্চিত করেন।
বিজিবি জানায়, ১১ নভেম্বর রাত সাড়ে ৮টার দিকে টেকনাফের জেলেপাড়া এলাকায় মিয়ানমার থেকে একটি নৌকা আসতে দেখে বিজিবির সদস্যরা। পরে একটি আভিযানিক দল বেড়িবাঁধ এলাকায় অবস্থান নেয়। নৌকা থেকে ইয়াবাভর্তি বস্তা পানিতে নামিয়ে পাচারকারীরা পাশের কেওড়া বনের ভেতরে আশ্রয় নেওয়ার চেষ্টা করে।
এ সময় বিজিবির টহল দল শ্যালো বোট নিয়ে কেওড়া বনের দিকে এগিয়ে গেলে পাচারকারীরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে বিজিবিও পাল্টা গুলি চালায়। একপর্যায়ে পাচারকারীরা পানিতে ভাসমান অবস্থায় ইয়াবার বস্তা ফেলে নৌকাযোগে মিয়ানমারের দিকে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে ছোট-বড় ১০টি বস্তায় থাকা ৮ লাখ ৯০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
একই রাতে রাত ৯টার দিকে টেকনাফের হোয়াইক্যং চেকপোস্টে অভিযান চালিয়ে মো. হোসাইন (২০) নামে এক যুবককে আটক করে বিজিবি। এ সময় তাঁর কাছ থেকে ৪ হাজার পিস ইয়াবা ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়। হোসাইন চকরিয়া উপজেলার পূর্ব পালাকাটা এলাকার বাসিন্দা।
এ ছাড়া রাত সাড়ে ১১টার দিকে উখিয়ার পালংখালী বিওপির আওতাধীন একটি এলাকায় অভিযান চালিয়ে মো. রমজান আলী (১৮) নামে আরেক যুবককে আটক করা হয়। তাঁর কাছ থেকে ১ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তিনি উখিয়ার পশ্চিম অজুখানপাড়া এলাকার বাসিন্দা।
বিজিবি জানায়, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে অভিযান পরিচালনা করা হচ্ছে। সীমান্ত দিয়ে মাদক চোরাচালান বন্ধে গোয়েন্দা নজরদারি ও টহল জোরদারের পাশাপাশি নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।
টেকনাফ ও উখিয়া সীমান্ত এলাকায় মাদক চোরাচালানে জড়িত ব্যক্তিদের বিষয়ে তথ্য দিয়ে বিজিবিকে সহযোগিতা করতে স্থানীয় জনগণের প্রতি আহ্বান জানানো হয়েছে। মাদক নির্মূলে আইনানুগ ব্যবস্থা গ্রহণে অভিযান অব্যাহত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।