বোরহানউদ্দিন প্রতিনিধি
ভোলার বোরহানউদ্দিন থানার একটি ডাকাতি মামলার এজাহারনামীয় প্রধান আসামি ও কথিত ডাকাত সর্দার সোহেল রানাকে (৩৫) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৮-এর ভোলা ক্যাম্পের একটি দল।
গত ১১ নভেম্বর রাতে জেলার দুলারহাট থানার দুলারহাট বাসস্ট্যান্ড এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। সোহেল রানা দুলারহাট থানার ফরিদাবাদ এলাকার বাসিন্দা।
পুলিশ ও এসআরবি সূত্রে জানা যায়, সোহেল রানা দীর্ঘদিন ধরে এলাকায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড ও ডাকাতির সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে বোরহানউদ্দিন থানায় ডাকাতির একটি মামলা রয়েছে। ওই ঘটনার পর থেকে তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারিতে ছিলেন। বিভিন্ন স্থানে আত্মগোপনেও ছিলেন তিনি।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসআরবি-৮-এর ভোলা ক্যাম্পের একটি বিশেষ দল অভিযান চালিয়ে দুলারহাট বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে বোরহানউদ্দিন থানায় হস্তান্তর করা হয়েছে।
অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে এসআরবি।