ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ২৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজন কথিত মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (৬ জুলাই) রাত ৮টা ৪০ মিনিটে উপজেলার ঈশ্বরগঞ্জ ফিলিং স্টেশন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া দুজন হলেন, ঈশ্বরগঞ্জ থানার কালবলা পাতারিয়া এলাকার মৃত তপন চন্দ্র কর্মকারের ছেলে সজল কর্মকার (২৯) এবং একই এলাকার ফকর উদ্দিনের ছেলে মো. রাজু (৩২)।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল ঈশ্বরগঞ্জ ফিলিং স্টেশন এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহভাজন দুই ব্যক্তির দেহ তল্লাশি করে তাদের কাছ থেকে ২৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ ২৫ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
ডিবি পুলিশের দাবি, গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। এ ঘটনায় তাদের বিরুদ্ধে ঈশ্বরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ আরও জানায়, এ চক্রের সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।