নিজস্ব প্রতিবেদক
সরকারের সব কাজের অন্ধ বিরোধিতা না করে জনকল্যাণমূলক ও ভালো কাজে বাংলাদেশ জামায়াতে ইসলামী সহযোগিতা করবে বলে জানিয়েছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
মঙ্গলবার (৬ অক্টোবর) জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমানের সরকারি বাসভবনে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) নেতাদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে সংবাদ ব্রিফিংয়ে এ কথা জানান মিয়া গোলাম পরওয়ার।
তিনি বলেন, তৈরি পোশাক শিল্পের প্রধান যোগানদাতা বিটিএমএ নেতাদের সঙ্গে বিরোধীদলীয় নেতা সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় করেছেন। সভায় সংগঠনের ভাইস প্রেসিডেন্ট শফিকুল ইসলাম সরকারসহ পরিচালক ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
গোলাম পরওয়ার বলেন, বিরোধী দল হিসেবে দেশের প্রতি জামায়াতের গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে। কেবল বিরোধিতার খাতিরে বিরোধিতা করার সংস্কৃতি তারা লালন করেন না। জাতীয় সংসদে বর্তমান বিরোধী দলের নীতি অনুযায়ী, সরকারের জনস্বার্থমুখী কাজে সহযোগিতা করা হবে।
তিনি বলেন, জনস্বার্থবিরোধী কোনো কাজ হলে তার প্রতিবাদ করা হবে এবং সরকারের ভুল ধরিয়ে দেওয়া হবে। সরকার যখন জনস্বার্থের বিরুদ্ধে যাবে, তখন বিরোধী দল হিসেবে সমালোচনা ও প্রয়োজন হলে প্রতিরোধের ভূমিকাও গঠনমূলকভাবে পালন করা হবে।
বিটিএমএ নেতাদের উদ্দেশে জামায়াত আমির আশ্বস্ত করেছেন উল্লেখ করে তিনি বলেন, ‘আপনাদের মধ্যে দেশপ্রেম আছে, দেশের মানুষের প্রতি দায়বদ্ধতা রয়েছে। নিজেদের ব্যবসা ও পেশার প্রতিও আপনাদের আন্তরিকতা রয়েছে। আপনাদের পাশে আমরা থাকব এবং জাতীয় সংসদে আমরা আমাদের ভূমিকা পালন করব।’
মতবিনিময় সভায় জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল হক জুবায়ের, ঢাকা মহানগরী দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল, ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন ও নির্বাহী পরিষদের সদস্য মোবারক হোসেন উপস্থিত ছিলেন।