নিজস্ব প্রতিবেদক
প্রধানমন্ত্রী তারেক রহমান।
ছবি:
জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে আগামী ২৬ অক্টোবর চার দিনের সরকারি সফরে টোকিও যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (৬ অক্টোবর) ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি নির্ভরযোগ্য সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
সূত্র জানায়, ২৬ থেকে ২৯ অক্টোবর টোকিও সফরকালে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ ছাড়া জাপানের সম্রাট নারুহিতোর সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাক্ষাতেরও কথা রয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, প্রধানমন্ত্রীর সফরে জ্বালানি সহযোগিতা, জনশক্তি রপ্তানি, বিনিয়োগ, বাণিজ্যসহ বিভিন্ন দ্বিপক্ষীয় বিষয় গুরুত্ব পেতে পারে।
ঢাকার একটি কূটনৈতিক সূত্র জানিয়েছে, প্রধানমন্ত্রীর জাপান সফরকে সামনে রেখে কয়েকটি সমঝোতা স্মারক ও চুক্তি নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা চলছে। এর মধ্যে জনশক্তি রপ্তানি-সংক্রান্ত একটি সমঝোতা প্রায় প্রস্তুত হয়েছে। উভয় পক্ষের সম্মতি থাকলে প্রধানমন্ত্রীর টোকিও সফরেই এটি সই হতে পারে।
সফরটি বাংলাদেশ ও জাপানের মধ্যকার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার পাশাপাশি বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি ও জনশক্তি খাতে সহযোগিতা সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।